× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ চ্যাম্পিয়নশিপ

মেয়েদের সামনে এবারও ফাইনালের হাতছানি

রুবেল রেহান

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১২:৩৪ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৩:০৭ পিএম

মেয়েদের সামনে এবারও ফাইনালের হাতছানি

গেল সাফে যে ভুটানকে ৮-০ ব্যবধানে উড়িয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, এবারও প্রতিযোগিতার শেষ চারে সাবিনা খাতুনদের প্রতিপক্ষ সেই ভুটান। ২০২২ সালে প্রথমবারের মতো সাফ জেতা দলের অনেক খেলোয়াড়ই আছেন কোচ পিটার জেমস বাটলারের স্কোয়াডে। তারপরও ভুটানকে সমীহ করছে বাংলাদেশ। ফাইনালে ওঠার পথে ভুটানকে তাই বাংলাদেশ মানছে ‘কঠিন’ প্রতিপক্ষ। বাংলাদেশ-ভুটানের মধ্যকার সেমিফাইনাল খেলাটি মাঠে গড়াবে আজ দুপুর পৌনে দুইটায়। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়াম থেকে সরাসরি দেখা যাবে ইউটিউবে।

সাফে এবারের আসরে তিন দলের গ্রুপ থেকে সেরা হয়েই সেমিতে পা রাখে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ভারতকে ৩-১ ব্যবধানে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। চার দলের গ্রুপ থেকে নেপালের সমান সাত পয়েন্ট পেলেও গোলগড়ের মারপ্যাঁচে গ্রুপ রানার্সআপ হয় ভুটান। নেপালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে ও মালদ্বীপকে ১৩-০ গোলে হারায় ভুটান। সেসব দিক বিবেচনায় অনেকেই এই ভুটানকে ভাবছেন শক্তিধর। সেটি উঠে এসেছে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলারের কথাতেও, ‘সবাই জানে খেলায় কতটা উন্নতি করেছে ভুটান। তাদেরকে সমীহ করতে হবে। মনে রাখতে হবে তারাও সেমিফাইনালিস্ট। তাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের দিতে হবে। তবে কেবল টেকনিক্যালি কিংবা ট্যাকটিক্যালি দিক থেকেই নয়, আমরা দুই দিক থেকেই উন্নতি করেছি।’

ভুটানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বারবারই উঠে আসে গতবারের সেমিফাইনালের প্রসঙ্গ। ভুটানকে উড়িয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করে বড় অবদান রেখেছিলেন অধিনায়ক সাবিনা। এবারও তিনিই দলের অধিনায়ক। প্রথম দুই ম্যাচে যদিও সেভাবে পারফর্ম করতে পারেননি অভিজ্ঞ এই ফরোয়ার্ড। তারপরও অভিজ্ঞতার ভিত্তিতে দলের বড় ভরসার জায়গা ছিলেন সাবিনা। কিন্তু সেমিফাইনালের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরের জন্য। জ্বরে আক্রান্ত হয়েছেন সাবিনা। শনিবার অনুশীলনও করেননি তিনি। কোচ পিটার বাটলারের কথাতে অনুমেয়Ñ ভুটানের বিপক্ষে একাদশে থাকছেন না বাংলাদেশ অধিনায়ক। সাবিনার জায়গায় বিকল্প ভাবছেন তিনি, ‘সাবিনা অসুস্থ, সম্ভবত জ্বরে ভুগছে। আমি আসলে এখন পর্যন্ত জানি না, তার সঙ্গে কথা হয়নি। তবে তাকে জন্মদিনের শুভেচ্ছা। আমার মনে হয় সে খেলতে পারবে না। তবে এটা কোনো সমস্যা হবে বলে মনে করি না। ফরোয়ার্ডে আমাদের হাতে বিকল্প আছে। সাগরিকা (মোসাম্মৎ সাগরিকা), মনিকারা (মনিকা চাকমা) ফরোয়ার্ডে থাকতে পারে।’ সাবিনাকে নিয়ে শনিবার কথা বলেছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্ডা, ‘আজকে আপু আসে নাই। কিন্তু সবাই সুস্থ আছে। সবাই মাঠে নামার জন্য প্রস্তুত।’

সাবিনার না থাকাতে মাঝমাঠে মারিয়াদের ওপর চাপ যাবে বলাই যায়। মারিয়া জানিয়েছেন, ‘খেলায় সব বিভাগই গুরুত্বপূর্ণ। আমরা শুধু মাঝমাঠ, গোলকিপার নিয়ে ভাবব না, সব বিভাগ নিয়েই ভাবব।’ ভুটানের বিপক্ষে অতীত ইতিহাস বেশ সুখকর বাংলাদেশের জন্য। ভুটানি মেয়েদের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মোকাবিলা করেছে বাংলাদেশ। যেখানে শতভাগ জয় বাংলার বাঘিনীদের পক্ষে। এই চার ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ দিয়েছে ১৯ গোল। বিপরীতে কেবল তিনবারই বাংলাদেশের জাল কাঁপাতে পেরেছে ভুটান। এসব সুখকর স্মৃতি নিয়ে অবশ্য ভাবতে চান না মারিয়া। বলেছেন আগের ভুটানের চেয়ে এই ভুটানকে হারানো কঠিন হবে, ‘আগের যে ভুটানের বিপক্ষে খেলেছি, আর এখনকার যে ভুটানের তার মধ্যে অনেক পার্থক্য। তারা খেলায় অনেক উন্নতি করেছে। আমরা ভালোভাবেই… সেভাবে প্রস্তুতি নিয়েছি। যেহেতু কালকে (আজ) তাদের সঙ্গে আমাদের সেমিফাইনাল, আমরা সেরাটাই খেলব।’ গেল সাফে আট গোলের জয় নিয়ে মারিয়ার ভাষ্য, ‘ভুটানকে দুর্বল ভাবা যাবে না, আগে ৮টা গোল দিয়েছি বলে যে এখন দিতে পারব সেই চিন্তা নিয়ে মাঠে নামা উচিত হবে না। তারা অনেক শক্তিশাল টিম এটা ভেবেই আমরা তাদের মোকাবিলা করব।’ 

মারিয়া সোজাসাপ্টাভাবে প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার না করলেও জানিয়েছেন এই দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ভুটান। গেল সাফের সেমিফাইনাল থেকে বিদায়ের পর দুই বছরে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছে ভুটান। দলটির খেলোয়াড়েরা এ সময় খেলেছেন স্থানীয় নারী লিগে। এদিকে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতামূলক আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলার সুযোগ পায়নি। ক্যাম্প আর অনুশীলনের সম্বল নিয়েই নেপালে উড়াল দেয় বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে মারিয়া বলেছেন, ‘ওরা অনেক ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। আমরা সেটা খেলতে পারি নাই। তবে আমরা যখন ক্লাব লিগ খেলতে গিয়েছি (ভুটানে) আমরা জানি তারা কতটা উন্নতি করেছে। আপনারা জানেন তাদের গোলকিপার ভালো করছে। সব দিক থেকেই তারা খুব স্ট্রং।’

একই দিন সাফের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা পৌনে ৭টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা