লা লিগা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১১:০৩ এএম
ম্যাচে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি
স্প্যানিশ লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার হাতছানি নিয়ে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু মর্যাদার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সামনে মুখ থুবড়ে পড়েছে লস ব্লানকোসরা। রবার্ট লেভানদোভস্কি-লামিনে ইয়ামালদের মুহুমুহু আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে রিয়াল শিবির। এতে লিগে এবারের আসরের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল হান্সি ফ্লিকের শিষ্যরা।
শনিবার (২৬ অক্টোবর) রাতে লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালকে তাদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। ম্যাচের সবগুলো গোলই আসে বিরতির পর। অসাধারণ ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি পরপর দুই মিনিটে জাল খুঁজে নেন। এরপর ব্যবধান বাড়ান লামিন ইয়ামাল ও রাফিনিয়া।
এ হারে থামল লা লিগায় রিয়ালের টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা। শেষবার তারা এই প্রতিযোগিতায় হেরেছিল গত বছরের সেপ্টেম্বরে, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে। স্পেনের শীর্ষ লিগে টানা ৪৩ ম্যাচ জেতার রেকর্ড বার্সেলোনা গড়েছিল ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে।
ক্লাসিকোয় ৪-০ গোলের এই জয় বার্সার জন্য যে শুধু জয় নয়, চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরে, তাঁদেরই দর্শকদের সামনে নাস্তানাবুদ করার আনন্দও। সোনায় সোহাগা হিসেবে যোগ হতে পারে, ক্লাসিকোর এক অর্ধে প্রতিপক্ষের মাঠে ৬৫ বছর পর ৪ গোল করার গৌরবও। ১৯৫৯ সালের ৭ জুন ক্লাসিকোয় এই বার্সাই করেছিল ৪ গোল, মাঠও এই বার্নাব্যু এবং সেই দ্বিতীয়ার্ধেই।
ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য কাটার পর জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। তাতে পোলিশ স্ট্রাইকারের খুশি হওয়ার কথা নয়। একটি যে পোস্টে মেরেছেন, আরেকটি ক্রসবারের ওপর দিয়ে। দুটোই সহজ সুযোগ। ৫৪ থেকে ৫৬, এই তিন মিনিটের ঝড়ে লেভার কাছে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। এরপর ৭৭ মিনিটে লামিনে ইয়ামাল ও ৮৪ মিনিটে অধিনায়ক রাফিনিয়ার গোলে আনন্দের ষোলোকলা যেন পূর্ণ হয় বার্সার। তবে লেভার চেয়ে বেশি মন খারাপ হওয়ার কথা কিলিয়ান এমবাপের।
এল ক্লাসিকোয় নিজের অভিষেকে দুবার বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু ফ্লিকের হাইলাইন ডিফেন্সে পাতা অফসাইডের ফাঁদে একবারও গোল পাননি। এমবাপের হতাশার এখানেই শেষ নয়। ওয়ান-ওয়ানে তাঁর তিনটি শট রুখেও দিয়েছেন বার্সার গোলকিপার ইনাকি পেনা। এর মধ্যে অন্তত দুটি শট থেকে গোল হতেই পারত। পেনার দৃঢ়তার কথায় অবশ্য বার্সার পুরো দলের দৃঢ়তার প্রসঙ্গও চলে আসে।
বার্সার একাদশে ৬ খেলোয়াড় ছিলেন ২২ বছরের কম বয়সী। ক্লাসিকোর সর্বশেষ ১০৮ বছরে যা দেখা যায়নি। এমবাপে ও ভিনিসিয়ুসের মতো গতিময় প্রতিপক্ষ থাকতেও হাইলাইন ডিফেন্সে খেলা এবং তারুণ্যে ভরসা রেখে একাদশ সাজানোর মতো সাহস দেখিয়েই জয়টা আসলে তুলে নিয়েছেন বার্সা কোচ ফ্লিক।
দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই কার্লো আনচেলত্তির রক্ষণও কয়েক মুহূর্তের জন্য হাইলাইন ডিফেন্সে উঠে গিয়েছিল। সেই সুযোগে ৫৪ মিনিটে লেভাকে থ্রু পাস দেন ২১ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক কাসাদো। রিয়াল গোলকিপার আন্দ্রেই লুনিনকে একা পেয়ে গোল করতে অসুবিধা হয়নি লেভার। মাঝে এক মিনিট পরই বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে দুর্দান্ত হেডে আবারও গোল করেন পোলিশ তারকা। এবারও পাসদাতা এক ২১ বছর বয়সী, আলেহান্দ্রো বালদে। ১১ ম্যাচে ১৪ গোল করা লেভা লিগে এবার এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও। মৌসুমে করলেন ১৭তম গোল।
দ্বিতীয় গোলের প্রায় ৯ মিনিট পর রাফিনিয়ার পাস থেকে লুনিনকে একা পেয়েও বল পোস্টে মারেন লেভা। ঠিক তার এক মিনিট আগেও অফসাইডের কারণে এমবাপ্পের কোনাকুনি শটে করা গোল বাতিল হয়।
তবে ৭৭ মিনিটে লামিনে ইয়ামালের ডান পায়ের শটে স্কোর লাইন পাল্টেছে। ওলট-পালট হয়েছে রেকর্ডবই্ও। রাফিনিয়ার পাস পেয়ে ডান প্রান্ত থেকে গোল করেন বার্সা তারকা। আনসু ফাতির রেকর্ড ভেঙে ক্লাসিকোর ইতিহাসে ১৭ বছর ১০৫ দিন বয়সী ইয়ামাল এখন সর্বকনিষ্ঠ গোলদাতা। ৭ মিনিট পরই লব করে ম্যাচের শেষ গোলটি করেন রাফিনিয়া, তবে রিয়ালের বিপক্ষে তাঁর প্রথম
প্রথমার্ধে ৮বার ফ্লিকের হাইলাইন ডিফেন্সে অফসাইডের ফাঁদে পড়েছে রিয়াল। শুধু এমবাপ্পে একাই হয়েছেন ৬বার অফসাইড, সেটাও ম্যাচের ২০ মিনিটের মধ্যে চারবার। এই চারবারই পরিস্কার গোলের সুযোগ ছিল। ৩১ মিনিটে এই অফসাইডের ফাঁদেই দারুণ ফিনিশিংয়ে তাঁর গোল বাতিল হয়। দুই অর্ধ মিলিয়ে মোট ৮বার বার্সা কোচ ফ্লিকের অফসাইডের ফাঁদে পড়েছেন এমবাপ্পে, যা তাঁর ক্যারিয়ারে এক ম্যাচে সর্বোচ্চ।
এই হারে লা লিগায় বার্সারই গড়া টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁতে পারল না রিয়াল। সর্বশেষ হার গত বছর ২৩ সেপ্টেম্বর, তারপর টানা ৪২ ম্যাচ অপরাজিত থেকে আর পারল না। পারল না পয়েন্ট টেবিলে বার্সাকে ধরতেও। ১১ ম্যাচে ১০ জয়ে মোট ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্লিকের বার্সা। সমান ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে মোট ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। তৃতীয় ভিয়ারিয়ালের সঙ্গে পার্থক্য ৩ পয়েন্টের। তবে বার্সার সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান আনচেলত্তির ঘুম হারাম করতে যথেষ্ট।