বাফুফে নির্বাচন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ০০:১৫ এএম
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
বাফুফে নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা তাবিথ আউয়াল সংবাদমাধ্যমের সঙ্গে তেমন কোনো কথাই বলেননি। সন্ধ্যায় রেকর্ড সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়ে মিডিয়ার সামনে আসেন কাজী সালাউদ্দিনের এ উত্তরসূরি।
আনুষ্ঠানিক বক্তব্যে তাবিথ বলেন, ‘বিগত জুন-জুলাই ও আগস্ট মাসে নিহত শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের ফুটবল ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের। ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে (সজীব ভূঁইয়া)। ওনার দিক নির্দেশনায় ও সাহসে একটা মুক্ত পরিবেশে নির্বাচনের মাধ্যমে ফুটবলকে আমরা আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই তারেক রহমানকে, তিনি আমাদের সব সময় সাহস জুগিয়েছেন।’
এরপর ফেডারেশনে সংস্কার নিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘ফুটবল ফেডারেশনকে সংস্কার করব। প্রথম সভাতেই গঠনতন্ত্র পরিবর্তন করব।’
এটা অনেকেই বলে থাকেন যে, আগের চার মেয়াদে ফেডারেশনে সমস্ত সিদ্ধান্ত প্রায় একাই নিতেন কাজী সালাউদ্দিন। নতুন নির্বাচিত সভাপতিও সেই পথে হাঁটবেন কিনা জানতে চাইলে তাবিথ আউয়ালের উত্তর, ‘আমাদের কমিটি কেমন হবে, কার্যক্রম কেমন হবে সেগুলো আপনাদের জানানো হবে। মুখের কথা নয় আমরা অ্যাকশনে বিশ্বাস করি। কাজের মাধ্যমেই সবকিছু প্রমাণ করে দেব।’
তাবিথ আউয়াল প্রথমে বাফুফে ভবনে গিয়ে মূল্যায়ন করতে চান সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান ঘোষিত নির্বাচনী ইশতেহারকে, "আমি আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সহসভাপতি পদে নির্বাচিতদের বলব, এই জয়টা বাংলাদেশের জয়, মানুষের জয়। আমাদের কর্মসূচি হবে তাদের জয়টাকে সম্মান করা। ফুটবল যেন আরও উচ্চ পর্যায়ে যেতে পারে, সেই জায়গায় আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের সিনিয়র সহসভাপতি একটা ‘ফুটবল ৩৬০’ পরিকল্পনা প্রদান করেছেন। আমাদের প্রথম সভায় সেটি নিয়ে আলোচনা করব। বাকি যে সহসভাপতি ও সদস্যরা আসবেন তাদের নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেব।"