বাফুফে নির্বাচন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ২৩:৩২ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২৩:৩৪ পিএম
শনিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি হয়েছেন তাবিথ আউয়াল। সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। সন্ধ্যা নাগাদ জানা যায় সহসভাপতি পদে নির্বাচিতদের নাম। তবে অপেক্ষা ছিল নির্বাহী সদস্য পদে কারা হচ্ছেন বিজয়ী। অবশেষে আজ (শনিবার) রাত ১১টার পর সেটিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন বাফুফের নির্বাচন কমিশন।
১৫ পদের বিপরীতে লড়েছেন ৩৭জন প্রার্থী। সদস্য পদে সর্বোচ্চসংখ্যক ভোট পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৯২ ভোট পেয়ে চমক দেখিয়েছেন আমিরুল ইসলাম বাবু। সদস্য পদে নির্বাচিত হয়েছেন বর্তমান নারী উ্ইংয়ের প্রধান মাহফুজা আক্তা্র কিরণ। ৮১ ভোট পেয়ে তিনি হয়েছেন অষ্টম। সর্বশেষ কমিটির সদস্য সত্যজিত দাস রুপু ৭৬ ভোট পেয়ে তালিকায় ১০ম স্থানে জায়গা পেয়েছেন তিনি।
প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন কামরুল হাসান হিল্টন। তিনি ৮০ ভোট পেয়ে হয়েছেন নবম। নতুন করে বাফুফে নির্বাচনে জয়ী হয়েছেন মো. গোলাম গাউছ। তিনি পেয়েছেন ৯২ ভোট; হয়েছেন তৃতীয়। এই পদে বাকি নির্বাচিতরা হলেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম (৮৮ ভোট), টিপু সুলতান (৮৭ ভোট), মঞ্জুরুল করিম (৮৬ ভোট), জাকির হোসেন চৌধুরী (৮২ ভোট), ইমতিয়াজ হামিদ সবুজ (৭২ ভোট), মো. ছাইদ হাসান কানন (৬৭ ভোট), সাখাওয়াত হোসেন ভূইয়া শাহিন (৬৬ ভোট), বিজন বড়ুয়া (৬২ ভোট)।
এদিকে সদস্য পদে দুইজন প্রার্থী মো. এখলাস উদ্দিন ও মো. সাইদুর রহমান মনি সমানসংখ্যক ৬১টি ভোট পেয়েছেন। যে কারণে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে নির্বাচিত করতে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত।
আলোচিত, বিতর্কিত ও ফিফা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজোয়ানা পেয়েছেন ৩৪ ভোট। তবে তিনি নির্বাচিত হতে পারেননি।