× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লৌহমানব সালাউদ্দিন যুগের অবসান

ফেডারেশনে সংস্কারই প্রথম লক্ষ্য তাবিথের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ২২:২০ পিএম

বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর শনিবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাবিথ আউয়াল। প্রবা ফটো

বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর শনিবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাবিথ আউয়াল। প্রবা ফটো

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়াটা স্রেফ সময়ের ব্যাপার ছিল তাবিথ আউয়ালের জন্য। তবে আগ্রহ ছিল কত ভোট পান তিনি, সেটা নিয়ে। শনিবারের নির্বাচনের ফলে দেখা গেছে ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আগেও দুই মেয়াদে সহসভাপতি পদে দায়িত্ব পালন করা তাবিথ আউয়াল। সভাপতি পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এএফএম রুহুল আমীন পেয়েছেন ৫ ভোট। ১৩৩ কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। তাবিথ আউয়ালের সভাপতি নির্বাচিত হওয়ায় বাফুফেতে দীর্ঘ ১৬ বছরের রাজত্বের অবসান ঘটল লৌহমানবখ্যাত সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের।

নির্বাচিতরা
সভাপতি তাবিথ আউয়াল (১২৩ ভোট)
সিনিয়র সহসভাতি ইমরুল হাসান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
সহসভাপতি-
নাসের শাহেদ জাহেদী (১১৫ ভোট)
ওয়াহিদউদ্দীন চৌধুরী (হ্যাপি) (১০৮ ভোট)
সাব্বির আহমেদ আরেফ (৯০ ভোট)
ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম (৮৭ ভোট)

নির্বাচন উপলক্ষে শনিবার সকাল থেকেই হোটেল ইন্টার কন্টিনেন্টালের লবিতে ছিল প্রার্থী, কাউন্সিল, মিডিয়াকর্মী ও সমর্থকদের ভিড়। বেশ ঘটা করেই নির্বাচন আয়োজন করে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। যদিও ফুটবলারদের বেতন বাকি থাকা অবস্থায় বিলাসী এজিএম ও নির্বাচন আয়োজন নিয়ে ওঠে প্রশ্ন। সেসব ছাপিয়ে নির্বাচনী ময়দানে ভোট চাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। এ সময় আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা তাবিথ আউয়াল সংবাদমাধ্যমের সঙ্গে তেমন কোনো কথাই বলেননি। সন্ধ্যায় রেকর্ড সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়ে মিডিয়ার সামনে আসেন তাবিথ আউয়াল। আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, ‘বিগত জুন-জুলাই ও আগস্ট মাসে নিহত শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের ফুটবল ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের। ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে (সজীব ভূঁইয়া)। ওনার দিক নির্দেশনায় ও সাহসে একটা মুক্ত পরিবেশে নির্বাচনের মাধ্যমে ফুটবলকে আমরা আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই তারেক রহমানকে, তিনি আমাদের সব সময় সাহস জুগিয়েছেন।’

এরপর ফেডারেশনে সংস্কার নিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘ফুটবল ফেডারেশনকে সংস্কার করব। প্রথম সভাতেই গঠনতন্ত্র পরিবর্তন করব।’ এটা অনেকেই বলে থাকেন যে, আগের চার মেয়াদে ফেডারেশনে সমস্ত সিদ্ধান্ত প্রায় একাই নিতেন কাজী সালাউদ্দিন। নতুন নির্বাচিত সভাপতিও সেই পথে হাঁটবেন কিনা জানতে চাইলে তাবিথ আউয়ালের উত্তর, ‘আমাদের কমিটি কেমন হবে, কার্যক্রম কেমন হবে সেগুলো আপনাদের জানানো হবে। মুখের কথা নয় আমরা অ্যাকশনে বিশ্বাস করি। কাজের মাধ্যমেই সবকিছু প্রমাণ করে দেব।’ তাবিথ আউয়াল প্রথমে বাফুফে ভবনে গিয়ে মূল্যায়ন করতে চান সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান ঘোষিত নির্বাচনী ইশতেহারকে, ‘আমি আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সহসভাপতি পদে নির্বাচিতদের বলব, এই জয়টা বাংলাদেশের জয়, মানুষের জয়। আমাদের কর্মসূচি হবে তাদের জয়টাকে সম্মান করা। ফুটবল যেন আরও উচ্চ পর্যায়ে যেতে পারে, সেই জায়গায় আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের সিনিয়র সহসভাপতি একটা ‘ফুটবল ৩৬০’ পরিকল্পনা প্রদান করেছেন। আমাদের প্রথম সভায় সেটি নিয়ে আলোচনা করব। বাকি যে সহসভাপতি ও সদস্যরা আসবেন তাদের নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেব।’ 

এদিকে, বাফুফে নির্বাচনে সহসভাপতির চার পদের বিপরীতে নির্বাচন করেছিলেন ৬ জন। নির্বাচনে সহসভাপতি পদেই সবচেয়ে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নাসের শাহেদ জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ও ওয়াহিদউদ্দীন চৌধুরীদের (হ্যাপি) মতো ব্যবসায়ী, রাজনীতিবিদ ও জেলার ফুটবল সংগঠকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেশের ফুটবলের দুই সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। ভোট গণনা শেষে এই পদে নির্বাচিত হতে পারেননি রুম্মান বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক।

নির্বাচনে ১৩৩ কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। সহসভাপতি পদে অবশ্য একটি ভোট বাতিল ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন। ১২৭ ভোটের মধ্যে নাসের শাহেদ জাহেদী পেয়েছেন ১১৫ ভোট, ওয়াহিদউদ্দীন চৌধুরী (হ্যাপি) পেয়েছেন ১০৮ ভোট, সাব্বির আহমেদ আরেফ পেয়েছেন ৯০ ভোট, ফাহাদ করিম পেয়েছেন ৮৭ ভোট, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ৬৬ ভোট আর শফিকুল ইসলাম মানিক ৪২ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসের শাহেদ জাহেদী, ওয়াহিদউদ্দীন চৌধুরী (হ্যাপি), সাব্বির আহমেদ আরেফ আর ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম। ১৫ সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৭ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা