বাফুফে নির্বাচন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৫:১৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৬:৩০ পিএম
চলছে ভোটগ্রহণ, পাস হয়নি বাফুফের ৬১ কোটি টাকার বাজেট। ছবি : বাফুফে
রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। নির্বাচনের মাধ্যমে ১৩৩ জন কাউন্সিলর বেছে নেবেন নতুন নেতৃত্ব। দুপুরের পর থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এর আগে সকালে হয়ে গেছে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় পাস হয়নি ৬১ কোটি টাকার বাজেট। যেহেতু নির্বাচনের পর নতুন নেতৃত্ব আসবে সেহেতু তারাই ২০২৫ সালের বাজেট উত্থাপন করবেন বলে শোনা গেছে।
এজিএমে বাজেট পেশ করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এ নিয়ে এবারের নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘এজিএমে গত বছরের রিপোর্ট পেশ করেছেন সাধারণ সম্পাদক। নতুন বছরের প্রস্তাবিত বাজেটও দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ ডেলিগেটের দাবি ছিল, যেহেতু নতুন কমিটি আসছে, নতুন কমিটির সামনেই যেন সেটা পেশ করা হয়। তো সেটা আগামীতে উপস্থাপন করা হবে।’ এরপর তিনি এবারের এজিমের গুরুত্ব তুলে ধরে আগের কমিটিরও এই সিনিয়র সহসভাপতি বলেন, ‘এই প্রথমবার ডায়াসে এসে এনএসসির প্রতিনিধিরা বক্তৃতা দিয়েছেন এবং সরকারের কিছু দিক-নির্দেশনা ডেলিগেশনের সামনে উপস্থাপন করেছেন। অন্যান্য এজিএমের চেয়ে এই এজিএমের বিশেষত্ব এটা ছিল।’
এজিএমে বিদায়ি ভাষণে কাজী সালাহউদ্দিন যা বলেছেন সেটি জানিয়ে ইমরুল বলেন, ‘সালাউদ্দিন ভাই তার বিদায়ি ভাষণে যেটা বলেছেন, ডেলিগেটরা যেন নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সততা দেখায়। যাদের ফুটবল সম্পর্কে যাদের ধারণা আছে, ফুটবল যারা পছন্দ করে- এরকম সৎ ও নিষ্ঠাবান ফুটবলপ্রেমী যারা আছেন, তাদের নির্বাচন করার জন্য আহ্বান করেছেন।’
এদিকে নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হলেও প্রার্থী হিসেবে নিজের মেনিফেস্টো দিয়েছেন ইমরুল। এ নিয়ে তার ভাষ্য, ‘প্রার্থী হিসেবে আমি মেনিফেস্টো দিয়েছি। যখন নির্বাচিত কমিটি আসবে, তাদের সামনে সেটি তুলে ধরব। নির্বাচিত কমিটি যদি মনে করে, ওই মেনিফেস্টো অনুযায়ী কাজ করার অন্য কেউ আরও নতুন কিছু যোগ করতে পারে। সেগুলো আমরা সংযুক্ত করতে পারি। যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা সবাই যদি ইতিবাচক মনোভাবসম্পন্ন হন, তাহলে এই মেনিফেস্টো অনুযায়ী কাজ করতে সুবিধা হবে। আমি আশাবাদী, এবার হয়তো আগের বারের তুলনায় ইতিবাচক ধারার লোকজন নির্বাচিত হয়ে আসবেন।’
ফেডারেশনের প্রস্তাবিত ৬১ কোটি টাকা বাজেটে আয় দেখানো হয়েছে ৪৭ কোটি। যেখানে ঘাটতি বাজেট ১৪ কোটি টাকা। বাজেট পাস না হওয়ার পাশাপাশি আর্থিক বিষয়াদি নিয়ে প্রশ্ন রয়েছে ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের, ‘বাজেটে জেলা ফুটবল নিয়ে কিছু নেই। আয়-ব্যয়ের হিসাব নিয়েও অনেক আপত্তি রয়েছে।’