পুনে টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ২৩:৫৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ০২:০২ এএম
মিচেল স্যান্টনার একাই শিকার করেন ৭ উইকেট
নিজেদের মাঠে গত ১২ বছরে টেস্ট সিরিজ হাতছাড়া করেনি ভারত। ভারতের মাটিতে সবশেষ সিরিজ জিতেছে ইংল্যান্ড। ২০১২ সালে ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ২-১ এ নিজেদের করে ফিরেছিল ইংলিশরা। পরে ২০১৩ সালের ফেব্রুয়ারি-মার্চ থেকে দেশের মাটিতে ভারতের অপরাজিত থাকার অভিযাত্রার শুরু- অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতার মধ্য দিয়ে। পুনেতে টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত দাপুটে কিছু দেখাতে না পারলে সিরিজ জয়ের সেই জয়রথটা থেমে যেতে পারে এবার।
বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপ নিয়েও স্বাগতিকরা যেন কিছুতেই পেরে উঠছে না নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারতের সেই শক্তিশালী ব্যাটিং লাইনআপই কিউইদের বিরুদ্ধে এখন পর্যন্ত খেলা তিন ইনিংসেই উড়ে গেল খড়কুটোর মতো। সেই ব্যাটিং ব্যর্থতাই বেঙ্গালুরু টেস্টে ভারতের হারের মূল কারণ। ব্ল্যাক ক্যাপস শিবির দারুণ পারফরম্যান্সের ছন্দটা ধরে রাখায় এবার পুনেতে তিন টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের দোরগড়ায় রোহিত শর্মারা। ঘূর্ণি বিষ ছড়িয়ে মিচেল স্যান্টনার একাই নীল করে সেরেছেন ভারতীয় ব্যাটারদের।
প্রথম ইনিংসে আজ শুক্রবার ভারত বিধ্বস্ত হয়েছে মাত্র ১৫৬ রানে। তাতে ১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৯৮ রান সংগ্রহ করে ফেলেছে সফরকারীরা। কিউইরা এখন ৩০১ রানে এগিয়ে থেকে সিরিজ জয়ের স্বপ্ন বুঁনছে।
পুনের স্পিন সহায়ক ক্রিজে চতুর্থ ইনিংসে ৩০০-র অধিক রান তাড়া করে জেতা বেশ কষ্টসাধ্য। আগামীকাল লিড তো আরও বাড়িয়ে নেবে প্রতিপক্ষ।
ভারত দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ১ উইকেটে ১৬ রান নিয়ে। আর কোনো উইকেট না হারিয়েই ৫০ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত শেষ পর্যন্ত থেমে যায় ১৫৬ রানেই। ভারতের ব্যাটারদের ব্যর্থতার চেয়ে নিউজিল্যান্ডের বোলারদেরই কৃতিত্ব বেশি। মিচেল স্যান্টনারই একাই শিকার করেন ৭ উইকেট। যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা ও ঋষভ পন্ত ছাড়া বাকি সবার উইকেটই পেয়েছেন কিউইদের এ বাঁহাতি স্পিনার।
ভারতের জার্সি গায়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রান করেন রবীন্দ্র জাদেজা। শুভমান গিল ও জয়সওয়াল দলীয় স্কোরে যোগ করেন ৩০ রান করে। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সরফরাজ আহমেদের ব্যাট ছুঁয়ে এসেছে মাত্র ১১ রান।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে। ঝলক দেখিয়েছেন অধিনায়ক টম লাথাম। তবে বঞ্চিত হয়েছেন শতক থেকে, আউট হয়েছেন ৮৬ রানে। তার এই ইনিংসেই মূলত দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে। উইল ইয়ং (২৮), টম ব্লান্ডেলের (৩০*) ছোট-খাটো ইনিংসও এই উইকেটে বেশ কাজে দিয়েছে। তাই তো এমন ফ্লাট উইকেটে ৩০১ রানের বেশ বড়সড় লিড দাঁড়িয়েছে।
তবে ব্যাটিং ব্যর্থতার আগে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ইনিংসে ৭ উইকেট শিকার করা সুন্দর দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত পকেটে পুরতে পেরেছেন ৪ উইকেট। ম্যাচে এখন পর্যন্ত পেয়েছেন সব মিলিয়ে ১১ উইকেট। এটাই তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স।