× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তকে এক ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার পরামর্শ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ২০:৪১ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ২১:০২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বর্তমান সময়ে প্রচুর খেলা থাকায় ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ হয় না। অধিনায়কদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। তার ওপর কেউ যদি একসঙ্গে তিন ফরম্যাটের নেতৃত্ব সামলায়, তার ওপর চাপটা বেশিই থাকে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সমস্যাতেই আছেন বলে মনে করেন হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের মতে, বাইরের চাপও শান্তর বাজে পারফরম্যান্সের জন্য দায়ী। তাই তাকে অন্তত একটা ফরম্যাটের নেতৃত্ব থেকে সরানোর পরামর্শ দিয়েছেন হাবিবুল।

শুক্রবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুল বলেন, ‘শান্ত আমাদের সেরা ব্যাটসম্যান। কিন্তু ওর সেই ব্যাটিংটা আমরা দেখতে পারছি না। ওর কাছে দলের প্রত্যাশা অনেক বেশি থাকে। ও সেভাবেই তৈরি হয়েছে, সেভাবেই পারফরম্যান্স করে আসছিল। অধিনায়কত্ব ওর ওপর চাপ সৃষ্টি করছে কি না তিনটা ফরম্যাটে অধিনায়কত্ব করা আসলেই চ্যালেঞ্জিং। অধিনায়ক যেই থাকুক না কেন, তাকে যদি আমরা সব সময় চাপে রাখি, তাহলে তার কাজটা কঠিন হয়ে যায়। এখন এটা শান্তর সঙ্গে হয়েছে, পরবর্তীতে যে আসবে তার ক্ষেত্রেও হবে। এটাই মনে হয় আমাদের সংস্কৃতি যে, অধিনায়ক হলেই তাকে আমরা চাপে ফেলে দেই।’

শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের জায়গা না থাকলেও তার ব্যাটে রান নেই। একের পর এক সিরিজে শান্তর সঙ্গী হচ্ছে ব্যর্থতা। যে কারণে শান্তর ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার দাবিও উঠেছে, যার সঙ্গে একমত নন হাবিবুল। তিনি মনে করেন, অধিনায়কের ওপর যে চাপ সৃষ্টি করা হয়, সেটাও তাদের ফর্ম হারানোর কারণ। একজন অধিনায়ককে বিচার করতে হলে, তাকে অন্তত দুই বছর সময় দেওয়া উচিত বলে মনে করেন হাবিবুল।

তিনি বলেন, ‘শান্তকে পরিবর্তন তো করাই যায়। কিন্তু পরিবর্তনের আগে ভাবতে হবে, পরে যে আসবে তার সঙ্গেও আমরা এমন করব কি না। তার সঙ্গেও যদি আমরা এমন করি, তাহলে তো দুই দিন পর ক্যাপ্টেন খুঁজে পাবেন না। কোনো দলের ক্ষতি করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই দলের অধিনায়কের পেছনে লাগা। ক্যাপ্টেন আনসেটলড হলে দলের সেটলড পারফরম্যান্স করা কঠিন। একজন অধিনায়ককে আমরা বিবেচনা করব দুই বছর পর।’

হাবিবুল আরও বলেন, ‘শান্তর অধিনায়কত্ব নিয়ে কারও দ্বিমত নেই। সে দারুণ অধিনায়ক। ব্যাটে রান আসছে না বলে এত কথা হচ্ছে আর দল পারফর্ম করছে না বলেই এত কথা হচ্ছে। এমন নয় যে, অন্যরা পারফর্ম করছে। অন্যরাও কিন্তু করছে না। এজন্যও শান্তর সমস্যা হচ্ছে। আমি ওকে ব্যাটিংয়ে স্বচ্ছন্দ দেখছি না। এটা একটু হলেও ওকে চাপে ফেলছে। তাকে বদলে আরেকজনকে এনে সেই চাপ সৃষ্টি করা হলে তখন কী হবে? শান্তকে সময় দেওয়া উচিত। তা না হলে কাজ করবে না।’

ব্যাটার শান্তকে ফিরে পাওয়ার একটা উপায়ও বাতলে দিয়েছেন হাবিবুল, ‘আমাদের হাতে খুব একটা অপশন আছে সেটা কিন্তু নয়। সিনিয়ররা সবাই কমবেশি চলে গেছে। বদল করতে চাইলে সমস্যা নেই। শান্তর জন্য তিনটা ফরম্যাট হয়তো কঠিন হতে পারে। কারণ এখন আমরা প্রচুর ক্রিকেট খেলি। তিনটা ফরম্যাট একজনের জন্য চাপ হয়ে যায়। তার পারফরম্যান্সে চাপ পড়তে পারে। সেই চাপ কমানোর জন্যে একটা ফরম্যাটে যদি অন্য কাউকে (অধিনায়কত্ব) দেওয়া যায়, সমস্যা তো দেখি না। তবে অন্য যেই অধিনায়ক হোক, তাকে সহযোগিতা করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা