× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাওয়ালপিন্ডি টেস্ট

শাকিলের সেঞ্চুরিতে দিন পাকিস্তানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ২০:১৭ পিএম

রাওয়ালপিন্ডিতে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌদ শাকিল; ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌদ শাকিল; ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টে স্পিন দাপট যেন চলছেই। পাকিস্তানের মতো সফল হয়েছেন ইংল্যান্ডের স্পিনাররাও। তবে স্পিনারদের দাপটের মাঝেও ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছেন পাক ব্যাটার সৌদ শাকিল। দলের বিপর্যয়ের মুখে বাঁহাতি এই ব্যাটার দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। লোয়ার অর্ডারে নোমান আলী ও সাজিদ খানরাও তাকে উপযুক্ত সঙ্গ দেন। তাতেই ঘুরে দাঁড়িয়ে ৭৭ রানের লিড নেয় পাকিস্তান। এরপর দ্বিতীয় ইনিংসে দ্রুত ইংল্যান্ডের ৩ উইকেট তুলে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে শান মাসুদের দল। 

পাকিস্তান বনাম ইংল্যান্ডের তিন টেস্টের সিরিজ এখন ১-১ এ সমতায়। সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথম ইনিংসে বেন স্টোকসের দল ২৬৭ রানে গুটিয়ে যায়। প্রথম দিন শেষে ৭৩ রান তুলতেই পাকিস্তানও ৩ উইকেট হারিয়ে বসেছিল। এতে সফরকারীরা লিড নেওয়ার স্বপ্নও দেখছিল। তবে ইংলিশদের লিডের আশা ভেঙে দিয়ে শাকিলের ব্যাটে ভর করে পাকিস্তান তোলে ৩৪৪ রান। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৪ রান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের চেয়ে তারা এখনও ৫৩ রানে পিছিয়ে আছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনেই করেছিল পাকিস্তান। কিন্তু দলীয় ৯৯ রানের মাথায় পাক অধিনায়ক মাসুদকে (২৬) ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন শোয়েব বশির। এরপর লেগস্পিনার রেহানের ঘূর্ণিতে মোহাম্মদ রিজওয়ান (২৫), সালমান আলি আগা (১) এবং আমের জামাল (১৪) দ্রুত বিদায় নিলে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। তখনও ইংল্যান্ডের চেয়ে ৯০ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা।

বিপদে পড়া স্বাগতিকদের হয়ে পাল্টা লড়াই শুরু করেন সহ-অধিনায়ক শাকিল। টেল-এন্ডারে নোমান আলির সঙ্গে ৮৮ ও সাজিদ খানের সঙ্গে ৭২ রানের দারুণ দুটি কার্যকরী জুটি গড়ে পাকিস্তানকে ৭৭ রানের লিড এনে দেন। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি হাঁকানো শাকিল ২২৩ বলে ৫ বাউন্ডারিতে ১৩৪ রান করেছেন। ৮৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন নোমান। আর ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সাজিদ। সফরকারী ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন রেহান।

এরপর আলোকস্বল্পতায় দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ৯ ওভার ব্যাট করে দুই ওপেনার জ্যাক ক্রলি (২), বেন ডাকেট (১২) এবং তিন নম্বরে নামা ওলি পোপের (১) উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেছে ইংলিশরা। দিনের শেষে ইংল্যান্ড পিছিয়ে ৫৩ রানে। হাতে রয়েছে সাত উইকেট। জো রুট ৫ এবং হ্যারি ব্রুক ৩ রানে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন। নোমান আলি ২টি ও সাজিদ খান ১ উইকেট শিকার করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা