প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৯:১৩ পিএম
বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে
নিয়ে একসময় আয়োজিত হতো চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। কালের পরিক্রমায় ২০১৪ সালের পর
থেকে এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায়। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাঁচটি ফ্র্যাঞ্চাইজি
দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্ট আনছে। যেখানে অংশ নেবে বিপিএলের
দল রংপুর রাইডার্সও।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল গ্লোবাল সুপার লিগে খেলতে
আগ্রহী নয়। যে কারণে গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স সুযোগ পেয়েছে। এই টুর্নামেন্টে
রংপুরের জার্সিতে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে
দেশে আসতে না পারলেও বিদেশে সাকিবের খেলতে কোনো বাধা থাকছে না।
আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। আসরের সব ম্যাচই
অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। পাঁচ দলের এই টুর্নামেন্টে রংপুর ছাড়া
অংশ নেবে সিপিএলের চ্যাপিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পিএসএলের লাহোর কালান্দার্স,
ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল।
আসরের দ্বিতীয় দিনেই (২৭ নভেম্বর) হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামবে
রংপুর। এরপর ১ ডিসেম্বর ভিক্টোরিয়া, ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর লাহোরের বিপক্ষে
খেলবে রংপুর। পয়েন্ট টেবিলের সেরা চার দল যাবে সেমিফাইনালে। আগামী ৭ ডিসেম্বর হবে টুর্নামেন্টের
ফাইনাল। শিরোপাজয়ী দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।