প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৮:৩৭ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ২২:১৯ পিএম
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে আজ শুক্রবার। বিওএ নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ গলফ ফেডারেশনের কাউন্সিলরও।
বিওএর সভাপতি পদ থেকে আগেই সরে দাঁড়ান সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে চিঠি দিয়ে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সভাপতি পদ শূন্য হওয়ায় নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতি পদে মনোনয়ন জমা দেন। আর কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। একমাত্র মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচন কমিশন জেনারেল ওয়াকার-উজ-জামানকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিওএ'র দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচন-২০২৪-এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি-কে বিওএর সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।’
বিওএর নির্বাচনে খসড়া ভোটার তালিকায় ছিলেন ৭১ জন কাউন্সিলর। জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ফেডারেশন থেকে বেশ কয়েকজনকে বাদ দেয়। তাতে চূড়ান্ত কাউন্সিলের সংখ্যা দাঁড়ায় ৫২ জন।