এএফসি অ-১৭ বাছাই
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৮:০১ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৮:২২ পিএম
ম্যাকাওকে ৭ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ। ছবি : বাফুফে
প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচেই দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের যুবারা। এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শুক্রবার ম্যাকাওকে বড় ব্যবধানে হারিয়েছে সাইফুল বারী টিটুর দল। ৭-০ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
খেলার প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধেই হয় ৬ গোল। অধিনায়কের পর মানিক দুটি ও রিফাত করেন একটি গোল। এই জয়ে গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশ। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ খেলবে চূড়ান্ত পর্বে। বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।
গোলবন্যার ম্যাচে অবশ্য প্রথম গোল পেতে বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ৪০ মিনিটে ডেডলক ভাঙেন ফয়সাল। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর ম্যাকাওয়ের জালে গোল উৎসবের শুরুটা করেন মানিক। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ৭১ থেকে ৭৫ মিনিটে আরও তিন গোল করে বাংলাদেশ। ৮২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফয়সাল। ৮৩ মিনিটে ম্যাকাওয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।