প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৬:৪৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৭:১২ পিএম
দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নিয়মিত অধিনায়ক
টেম্বা বাভুমা। চলমান বাংলাদেশ সিরিজেও দলে ছিলেন তিনি। কিন্তু কনুইয়ে চোটের কারণে
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি। ধারণা করা হয়েছিল, চট্টগ্রামে দ্বিতীয়
টেস্টের আগেই সেরে উঠবেন বাভুমা। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশ সিরিজ
শেষ হয়ে গেল ডানহাতি এই ব্যাটারের।
বাভুমার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন
দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের প্রধান কোচ শুকরি কনরাড। এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি
বলেন, ‘তার (বাভুমা) শারীরিক অবস্থা বিবেচনায় গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সে একটা
প্রক্রিয়া অনুসরণ করছিল কিন্তু আমরা ফলাফলের জন্য অপেক্ষা করিনি। মেডিকেলের দিক থেকে
মনে হয়েছে, সে দ্বিতীয় টেস্টের জন্য ফিট নয় এবং তাকে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হওয়ার
সময় দেওয়া হয়েছে।’
চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কনুইয়ের চোটে পড়েছিলেন বাভুমা। যে কারণে বাংলাদেশ
সিরিজের দলে থাকলেও মিরপুরে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। বাভুমার অনুপস্থিতিতে
প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন এইডেন মার্করাম। দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের অধিনায়কত্ব
করবেন মার্করাম।
এদিকে মিরপুরে প্রথম টেস্টে ৭ উইকেটের
জয়ে সিরিজে ১-০-তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এটি এশিয়া মহাদেশে দীর্ঘ ১০ বছর পর প্রোটিয়াদের
প্রথম টেস্ট জয়। আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এরপর শ্রীলঙ্কা সফরে যাবে আফ্রিকার দলটি।