৫২/২ থেকে ৫৩/১০
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৬:১৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৬:১৭ পিএম
উইকেটের বৃষ্টি ঝরল অস্ট্রেলিয়ায়
নানা অনিশ্চয়তার ক্রিকেটে কত অনাকাঙ্ক্ষিত ঘটনাই তো জন্ম নেয় বাইশগজে। কুড়ে ঘরের মতো ব্যাটিং অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়া বা বোলিংয়ে নেমে প্রতিপক্ষের ব্যাটারদের প্রচন্ড মার খাওয়া ক্রিকেট ময়দানে হরহামেশাই দেখা মেলে!
কিন্তু ১ রানের ব্যবধানে ৮ উইকেট পড়ে যাওয়া তো অবাক করার বিষয়! এমন অবিশ্বাস্য ঘটনাই আজ শুক্রবার ঘটে গেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ওয়ানডে কাপে। শেষের রানটিও কারো ব্যাট ছুঁয়ে আসেনি। এসেছে ওয়াইড থেকে।
পার্থে তাসমানিয়ার বিরুদ্ধে মাঠে নেমে ছিল টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এই ম্যাচেই ঘটল অবাক করা উইকেট পতনের ঘটনা। মাত্র ১ রানে নাই হয়ে যায় শেষ ৮ উইকেট।
২ উইকেটে ৫২ রান থেকে সবকটি উইকেট হারিয়ে ৫৩ রানের পুঁজি গড়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া! সেই একটি রানও এসেছে আবার অতিরিক্ত খাত তথা ওয়াইড থেকে। অদ্ভুতুড়ে পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড এটি।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১৬ তম ওভারে দলীয় ৫২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায়। পরে দলটি মোকাবিলা করেছে মাত্র ২৮ বল। এর মধ্যে ৮ উইকেট হারালেও বৈধ ডেলিভারি থেকে পায়নি কোনো রান। ২০ দশমিক ১ ওভারেই ৫৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
ওপেনার ডি’আর্কি শর্টের ব্যাট থেকে আসে ৪১ বলে ২২ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তবে তার দলের ৭ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার উড়িয়ে দিয়েছেন মূলত তাসমানিয়ার বোলার বিউ ওয়েবস্টার। ১৭ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। তিনটি উইকেট নেন বিলি স্ট্যানলেক। বাকি একজন হয়েছেন রানআউট।
৫৪ রানের মামুলি লক্ষ্য ছোঁয়ার মিশনে মাত্র ৮ দশমিক ৩ ওভার খেলে তাসমানিয়া। তাতেই ৭ উইকেটের বড় জয়টা পেয়েছে তারা। এবং সেটা ২৪৯ বল হাতে রেখেই।