প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৬:০০ পিএম
আইপিএলের আগামী মৌসুমে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আইপিএল কর্তৃপক্ষের কাছে ৩১ অক্টোবরের মধ্যে রিটেনশন তালিকা জমা দিতে হবে। কিন্তু ধোনি আগামী মৌসুমে আইপিএল খেলবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাননি।
চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রতিদিনই আসছে নিত্যনতুন সব খবর। বয়স ৪৩ হয়ে গেছে। সম্প্রতি ইনজুরিও বেশ ভোগাচ্ছে। তারপরও ভারতের ইতিহাস সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দলে চায় চেন্নাই সুপার কিংস। তবে আইপিএলের আগামী মৌসুমে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আইপিএল কর্তৃপক্ষের কাছে ৩১ অক্টোবরের মধ্যে রিটেনশন তালিকা জমা দিতে হবে। কিন্তু ধোনি আগামী মৌসুমে আইপিএল খেলবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাননি। চেন্নাই ধোনিকে নিয়ে আছে দোটানায়।
আইপিএলের শুরু থেকে চেন্নাইয়ের ঘরের ছেলে ধোনি। ফ্র্যাঞ্চাইজিকে জিতিয়েছেন ৫টি আইপিএল ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। আগামী মৌসুমে বিখ্যাত হলুদ জার্সিতে শেষবারের মতো খেলবেন মাহি, এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু সেটা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ধোনির জন্য সিএসকে চূড়ান্ত করছে পারছে না তাদের রিটেনশন লিস্ট। ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন জানান, তারা এখনও ধোনির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
বিশ্বনাথন বলেন, ‘আমরা চাই ধোনি চেন্নাইয়ের হয়ে খেলুক। কিন্তু সে এখনো কিছু নিশ্চিত করেনি। ধোনি আমাদের বলেছে, ৩১ অক্টোবরের আগেই আমাদের সে তার সিদ্ধান্ত জানাবে। আমরাও চাই সে চেন্নাই সুপার কিংসের হয়ে আগামী মৌসুমে খেলুক। তবে এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।’