লামিনের বিশ্বাস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৪:১৭ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৪:২৫ পিএম
দুই দিন পর এল ক্লাসিকো। লা লিগার ম্যাচটির আগে দুর্দান্ত ছন্দে বার্সেলোনা। লিগের পর চ্যাম্পিয়ন্স লিগেও দাপট দেখাচ্ছে কাতালানের দলটি। তাইতো নতুন করে উন্মাদনা ছড়াচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম বার্সা লড়াই। রোনালদো-মেসি যুগের পর ফের জমে ওঠা ক্লাসিকো নিয়ে বার্সা ওয়ান্ডার কিড লামিনে ইয়ামালের মতে, জয়টা তাদেরই হবে।
বার্সেলোনা বর্তমানে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৩। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (২৬ অক্টোবর) লা লিগায় এল ক্লাসিকো। লামিনের চাওয়া রিয়ালকে হারিয়ে পয়েন্ট বাড়িয়ে নেওয়া।
কারা জিতবে এল ক্লাসিকো? জবাবে লামিনে দিয়েছেন কুশলী উত্তর, ‘এল ক্লাসিকো? ম্যাচের আগে আমরা খুবই আত্মবিশ্বাসী হয়ে আছি। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বের সেরা দল। আশা করি মাঠেও সেটা প্রমাণ করব। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়েই লড়ব। সেরা দলটাই জিতবে।’
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে জয় প্রসঙ্গে তার ভাষ্য, ‘এ সপ্তাহে বায়ার্নকে ৪-১ গোলে হারানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ মৌসুমে আমরা খুব ভালো করছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এলেই সব সময় ভুলভাল হয়ে যায়। আমরা একটা চমৎকার দল। সেটা আমরাও আবারও দেখালাম।’