× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুর টেস্ট

বৃষ্টির আগেই হারল শান্তরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২১:৫৬ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ২১:৫৯ পিএম

তিন রানের জন্য সেঞ্চুরি মিস করে ফিরে হতাশ মেহেদী হাসান মিরাজ

তিন রানের জন্য সেঞ্চুরি মিস করে ফিরে হতাশ মেহেদী হাসান মিরাজ

ভাগ্য সব সময়ই পক্ষ নেয় সাহসীদের। আজ বৃহস্পতিবার মিরপুরে দেখা গেল সেটাই। সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। কিন্তু প্রথম সেশন অর্থাৎ প্রথম ২ ঘণ্টায় বৃষ্টি নামল না। আর এই ‍সুযোগটাই কাজে লাগাল সফরকারী দক্ষিণ আফ্রিকা। জয় তুলে নিল প্রথম সেশনেই। মাত্র ৪.৫ ওভারেই শেষ তিন উইকেটে হারল বাংলাদেশ। আর বৃষ্টি বিষয়টা মাথায় রেখে ওয়ানডে মেজাজে ব্যাট করে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রোটিয়ারা। মাত্র ২২ ওভারেই জয়ের জন্য ১০৬ রানের টার্গেটে পৌঁছেছে সফরকারীরা। 

আগের দিন মেহেদী হাসান মিরাজের লড়াই ও ঘূর্ণিঝড় ‘দানা’র কল্যাণে ম্যাচ গড়ায় চতুর্থ দিনে। ব্যাট হাতে মিরাজের লড়াকু ইনিংস দেখে বড় আশার কথাই শুনিয়েছিলেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। দুশর বেশি টার্গেট দেবে তার শিষ্যরা, এমন আত্মবিশ্বাস ছিল ‍এই পাকিস্তানি কোচের। কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি না এলেও মুশতাকের আশায় জল ঢেলে দিয়েছেন টাইগার ব্যাটাররা। ‍আগের দিনের ২৮৩/৭ নিয়ে খেলতে নেমে মাত্র ৩০৭ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৮৭ রানে অপরাজিত থাকা মিরাজ আউট হয়ে যান ৯৭ রানে। ‍মাত্র ৩ রানের জন্য ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে বঞ্চিত হন মিরাজ। মাত্র ২৯ বলেই পতন ঘটে স্বাগতিকদের শেষ ৩ উইকেটের।  অথচ ব্যাটিংয়ে কিছুটা  দৃঢ়তা দেখাতে পারলেই হয়ে যেত লাঞ্চের বিরতি। বোলিংয়ে লক্ষ্য পূরণ করার পর আগ্রাসী মেজাজে ব্যাট করে জয়োৎসব করেছে প্রোটিয়ারা। খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক পরই আকাশ ভেঙে নামে বৃষ্টি। আর মাত্র ৫/৬টা ওভার উইকেটে কাটিয়ে দিতে পারলেই প্রথম সেশনে জয় পাওয়াটা ভীষণ কঠিন হয়ে পড়ত এইডেন মার্করামদের। সময়ের হিসাব কষলে  লাঞ্চ বিরতির ফাঁদে পড়ে যেত প্রোটিয়ারা। 

জিততে মার্করাম ব্রিগেড কতটা মরিয়া ছিল, এটা অনুধাবন করতে একটা তথ্যই যথেষ্ট। এমনিতেই মিরপুরের উইকেটে রান তোলা কঠিন। তার ওপর চতুর্থ দিনের খেলা। কিন্তু কোনো কিছু্ গ্রাহ্যের মধ্যে নেয়নি প্রোটিয়ারা। ‍ঘড়ির কাঁটাকে পেছনে ফেলে রান তুলেছেন টনি জর্জি (৫২ বলে ৪১), মার্করাম (২৭ বলে ২০), ত্রিস্তান স্টাবস (৩৭ বলে ৩০)। 

এ হারে উপমহাদেশের গর্ব ধরে রাখতে পারল না বাংলাদেশ। উপমহাদেশের মাটি থেকে ‍১০ বছর পর কোনো টেস্ট ম্যাচ জিতল প্রোটিয়ারা। এর আগে দক্ষিণ এশিয়ায় ২০১৪ সালে সর্বশেষ গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা। উপমহাদেশে টেস্ট জিততে পেরে ভীষণ খুশি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক মার্করাম। ম্যাচ শেষে বলেন, ‘এটি স্পেশাল। আমাদের দলটি তারুণ্যনির্ভর, বেশ অনভিজ্ঞও। এমন কন্ডিশন থেকেও ভালো করতে পারি, লড়াই করতে পারিÑ এই জয় থেকে আমরা সেই আত্মবিশ্বাস পেলাম।’

ম্যাচে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ভাষায়, আমরা দল হিসেবে হেরেছি। ‍আমাদের ব্যাটিং ভালো হয়নি। তবে বোলিংয়ে তাইজুল আর ব্যাটিংয়ে মিরাজ যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে আমরা আত্মবিশ্বাস পেয়েছি। সামনের দিনগুলোতে আমাদের ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে।’ 

আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট। ঘরের মাটিতে সিরিজ হার এড়াতে চাইলে এই টেস্টে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা