এএফসি অ-১৭ বাছাই
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২০:৩১ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ২০:৪৮ পিএম
শুক্রবার ম্যাকাওয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলন করে বাংলাদেশ দল। ছবি : বাফুফে
সাফ শিরোপা জেতার পর এশিয়ান কাপ বাছাইয়ের মিশনে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে শেষ মুহূর্তের গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। হারিয়েছে ফিলিপাইনকে। শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ ম্যাকাও। এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ফুটবলাররা।
আগের দুই ম্যাচ নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের গোলরক্ষক আলিফ রহমান। তার ভাবনায় শুক্রবারের ম্যাচ, ‘প্রথম ম্যাচ আমাদের কম্বোডিয়ার বিপক্ষে ছিল। সেই ম্যাচে আমরা হেরেছি। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। দ্বিতীয় ম্যাচে আমাদের জয়ের বিকল্প কিছু ছিল না। ফিলিপাইনের বিপক্ষে আমরা সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা জয় পেয়েছি। পরের ম্যাচগুলোও আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। আলহামদুল্লিাহ ভালো কিছুই হবে। আমরা সবাই সুস্থ আছি। নিজেদের স্থান থেকে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
দলের ডিফেন্ডার ইকরামুল ইসলাম পরের দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা সবাই অনেক চেষ্টা করেছি। তবে ম্যাচ বের করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে আমরা জয় পেয়েছি। আগামী ম্যাচে আমাদের প্রতিপক্ষ ম্যাকাও পরের ম্যাচেই আমাদের প্রতিপক্ষ আফগানিস্তান। দুটি ম্যাচই পরপর অনুষ্ঠিত হবে দুদলের খেলার ধরন ভিন্ন। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আমাদের পরিকল্পনাও ভিন্ন। আশা করি, দুটি ম্যাচেই আমরা জয়ী হতে পারব। দলের সবাই সুস্থ আছে। আমরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’