মিরপুর টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১২:১২ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১২:৪০ পিএম
জাকের-মিরাজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ছবি : আ. ই. আলীম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হারের শঙ্কা দেখা দিলেও মিরাজ-জাকেরের দৃঢ়তায় ম্যাচে ফিরছেন টাইগাররা। প্রোটিয়াদের চেয়ে ১ রানে পিছিয়ে থেকে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিক দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা ১০৬ ও দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান করেছে।
সকালেই বিপাকে বাংলাদেশ
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে লড়াই করে গেছেন মাহমুদুল হাসান জয়। এ ওপেনারের সঙ্গে ব্যাটিং দৃঢ়তায় দিন শেষ করেন মুশফিকুর রহিমও। কিন্তু তৃতীয় দিনে এসে ক্রিজে আর টিকতে পারলেন না দুজন। উইকেটে সেট হওয়া দুই ব্যাটারই বিদায় নিলেন দিনের শুরুতে।
নতুন বলে তোপ দাগিয়ে ৪০ রান করা জয়কে ফিরিয়ে দিয়েছেন ক্যাগিসো রাবাদা। আর ৩৩ রান নিয়ে এই রাবাদার পেসেই বোল্ড হয়েছেন মুশফিক। পরে কেশব মহারাজের ঘূর্ণিতে মাত্র ৭ রান নিয়ে বিদায় নিয়েছেন লিটন দাসও। তার আগে ৩ উইকেটে ১০১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে স্বাগতিকরা।
মিরপুর টেস্টে বাংলাদেশের ১০৬ রানের জবাবে প্রথম ইনিংসে ৩০৮ রান করেছে অতিথি দক্ষিণ আফ্রিকা। ২০২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে ৩ উইকেটে ১০১ রানে। ৩৮ রানে অপরাজিত ছিলেন জয়। ২৬ বলে ৩১ রানে তাকে সঙ্গ দিচ্ছিলেন মুশফিক। তৃতীয় দিনে দলীয় স্কোরে দুজনে যোগ করেন মাত্র ২ রান করে।
আগুনে বোলিং করে রাবাদা একাই শিকার করেন ৪ উইকেট। ২টি উইকেট গেছে কেশব মহারাজের পকেটে।