প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ২১:৩২ পিএম
তিন টেস্টের সিরিজ ১-১ সমতায়। তৃতীয় ও শেষ টেস্ট দুই পক্ষের জন্যই বিশেষ। কোনোভাবেই এই টেস্ট হাতছাড়া করতে চায় না দু'পক্ষ। মহারণে রূপ নিতে যাওয়া ম্যাচে পাকিস্তানের পথ অনুসরণ করলো ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলবে বেন স্টোকসের দল। আগামী বৃহস্পতিবারে শুরু হওয়া ম্যাচের জন্য আজ মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করেছে সফরকারীরা।
মুলতানে খেলা দুই স্পিনার শোয়েব বশির ও জ্যাক লিচের সঙ্গে যোগ দিয়েছেন লেগ স্পিনার রেহান আহমেদ। মূলত রাওয়ালপিন্ডিতেও স্পিন-বান্ধব উইকেট করেছে পিসিবি। সে বিবেচনায় এমন সিদ্ধান্ত ইংল্যান্ডের। এ নিয়ে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক বলেছেন, ‘এই মাঠে সুইং পাওয়া দুষ্কর। সবাই উইকেট দেখেছে। এখানকার উইকেট কিছুটা ভিন্ন।’ তিনি আরও যোগ করেন, ‘ এই মাঠে সবশেষ আমরা যখন খেলেছি তখন উইকেট ফ্ল্যাট ছিল। বল ব্যাটে এসেছে, রানও হয়েছে যথেষ্ট। তবে এবার দেখা গিল কিছুটা ভিন্নতা।’
তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ ও শোয়েব বশির।