প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ২০:১১ পিএম
চারিথ আসালাঙ্কার উচ্ছ্বাস এবং আত্মবিশ্বাসের মাত্রা বেশি হওয়াই স্বাভাবিক! সদ্যই ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে শ্রীলঙ্কা। গত রবিবার ওয়ানডে সিরিজের প্রথমটিতেও তারা জিতল। ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ে বেশ স্বস্তি স্বাগতিক শিবিরে। ম্যাচ শেষে আনন্দ ও সতীর্থদের প্রশংসা করতে ভোলেননি লঙ্কান অধিনায়ক। এই জয় ‘আত্মবিশ্বাস’ এবং দলীয় প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেছেন আসালাঙ্কা।
রবিবার পাল্লেকেলের ম্যাচটিতে
তৃতীয় পক্ষ হয়ে খেলেছে বৃষ্টি। বৃষ্টি নামার আগে ৩৮.৩ ওভারে ৪ উইকেটে ১৮৫ রান করে ওয়েস্ট
ইন্ডিজ। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে শ্রীলঙ্কা ৩৭ ওভারে পায় ২৩২ রানের লক্ষ্য,
নিশান মাদুশকা ও আসালাঙ্কার ফিফটিতে যা সহজেই পেরিয়ে যায়। এক উইকেট ও ৭৭ রানের ইনিংস
খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেন আসালাঙ্কা।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং
করে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা খুব একটা খারাপ হয়নি তাদের। দলীয় ৩৪ রানে ব্রেন্ডন কিংকে
ফেরান ওয়ানিন্দু হাসারাঙ্গা। দলীয় ৪১ রানে ফেরেন আরেক ওপেনার আলিক আথানেজ। পাওয়াপ্লেতে
ক্যারিবিয়ানরা করতে পারে ৪২ রান। অধিনায়ক শাই হোপ খুব একটা কার্যকরী ইনিংস খেলতে পারেননি।
ভ্যান্ডারসে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘুরমুখো করেন। তবে ৩৮.৩ ওভারে বৃষ্টি নামার
আগ পর্যন্ত লড়াই চালিয়ে যান শেরফেন রাদারফোর্ড ও রেস্টন চেজ। রাদারফোর্ড ৭৪ রানে অপরাজিত
থাকেন। চেজ ৩৩ বলে করেন ৩৩ রান। ৩৯তম ওভারে বৃষ্টি নামলে লম্বা সময় বন্ধ থাকে খেলা।
পুনরায় খেলা শুরু হলে সমাপ্তি টানা হয় সফরকারীদের ইনিংসের। লঙ্কানরা পায় ৩৭ ওভারে ২৩২
রানের লক্ষ্য।
লক্ষ্য তাড়া খুব একটা বেগ পেতে
হয়নি স্বাগতিকদের। আসালাঙ্কা ও নিশান মাদুশকার আগ্রাসী ফিফটিতে সহজেই জয় তুলে নেয় তারা।
যদিও শুরুটা সুবিধার ছিল লঙ্কানদের। পাওয়ারপ্লেতে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি রান তুললেও
৩ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে মাদুশকা ম্যাচের নিয়ন্ত্রণ নেন। আর শেষের দিকে স্বভাবসুলভ
ব্যাটিং উপহার দেন চারিথ। অবশ্য ম্যাচের ইতি টানেন জেনিথ লিয়ানগে (১৮) ও কামিন্দু মেন্ডিস
(৩০)।
শ্রীলঙ্কার এমন ধারাবাহিক সাফল্যে
খুশি আসালাঙ্কা। ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে বলেছেন, ‘এটি আত্মবিশ্বাসী জয়। সবাই
ভালো পারফর্ম করেছে। পরিবেশ কিছুটা আমাদের পক্ষে ছিল। আমাদের প্ল্যানিং ছিল অ্যাটাকিং
মুডে খেলা। সব মিলিয়ে বলা যায়, আমরা সফল।’
সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্ট ইন্ডিজ : ৩৮.৩ ওভারে ১৮৫/৪ (রাদারফোর্ড ৭৪*, চেইস ৩৩*; হাসারাঙ্গা ৬-০-১৮-২, ভ্যান্ডারসে ৮.৩-০-৪৫-১)
শ্রীলঙ্কা : (৩৭ ওভারে লক্ষ্য ২৩২) ৩১.৫ ওভারে ২৩৪/৫ (মাদুশকা ৬৯, আসালাঙ্কা ৭৭; জোসেফ ৬-০-৩৯-২, মোটি ৮-০-৪৭-৩)
ফল : ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে জয়ী শ্রীলঙ্কা
ম্যান অব দ্য ম্যাচ : চারিথ
আসালাঙ্কা