প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৯:২৪ পিএম
এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে এবাদত হোসেন। এ সময়ে বাংলাদেশ
একের পর এক বড় টুর্নামেন্ট খেললেও ইনজুরির কারণে দলে নেই ডানহাতি এই পেসার। তবে সবশেষ
ভারত সিরিজের স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে গিয়েছিলেন। মাঠে ফিরতে অপেক্ষার তর যেন
সহ্য হচ্ছে না তার। সব ঠিক থাকলে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়েই ক্রিকেটে
প্রত্যাবর্তন করবেন টাইগার পেস ইউনিটের এই সদস্য।
সোমবার (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবাদতের
বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সংবাদমাধ্যমকে
তিনি বলেন, ‘(এবাদত) এখন অনেকটা ভালো, উন্নতির পথে। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারবে।
চলমান এনসিএলের শেষ দিকেই সে মাঠের ক্রিকেটে ফিরতে পারবে বলে আশা রাখছি।’
বাংলাদেশের জার্সিতে এবাদতের অভিষেক ২০১৯ সালে। ৩০ বর্ষী এই পেসার
এখন পর্যন্ত খেলেছেন ২০টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। উইকেট নিয়েছেন
যথাক্রমে ৪২, ২২ ও ৭টি। গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের লিগামেন্ট
ছিঁড়ে গিয়েছিল তার। লন্ডনে পরের মাসেই অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে।
এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবাদত। আসন্ন বিপিএলের একাদশ আসরে ডিফেন্ডিং
চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশের পেস ইউনিটের এই স্তম্ভের
মাঠে ফেরা এখন সময়ের ব্যাপার।
এদিকে দীর্ঘদিন ইনজুরিতে ভুগছেন তিন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিক
জামান ও মুশফিক হাসান। বিদেশে উন্নত চিকিৎসার জন্য ভিসার অপেক্ষায় আছেন তারা। চলতি
মাসেই তাদের থাইল্যান্ডে চেকআপের জন্য যাওয়ার কথা রয়েছে। এদিকে যুবা ক্রিকেটার শেখ
ইমতিয়াজ শিহাবেরও তাদের সঙ্গে যাওয়ার কথা রয়েছে।