প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৬:২০ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ২১:৩১ পিএম
উইকেট শিকারের পর তাইজুলের উদযাপন— ছবি তুলেছেন আ. ই. আলীম
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল ইসলাম। তার আগে বাংলাদেশিদের মধ্যে প্রথম এই কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। টেস্ট ক্যারিয়ারে মোট ২৪৬ উইকেট নিয়েছেন তিনি। এই তালিকায় তাইজুলের পরে আছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ (১৮৩ উইকেট)।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৬ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরাইনে ৫ ও ওয়াইন মুল্ডার ১ রানে ব্যাট করছেন। বোলিংয়ে তাইজুল ইসলাম ৩০ রানে ৫ উইকেট শিকার করেছেন। অপর উইকেটটি পেসার হাসান মাহমুদের।
মিরপুর টেস্টের প্রথম দিনের চা-বিরতির আগে তাইজুল আউট করেছিলেন ট্রিস্টান স্টাবসকে (২৩)। বিরতি থেকে ফিরেই ডেভিড বেডিংহামকেও (১১) ফেরালেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২০তম ওভারের তৃতীয় বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন তাইজুল। ফুট মুভমেন্ট ছাড়াই কাট করতে গিয়েছিলেন বেডিংহাম। তবে বল তার ব্যাটের কিনারা লেগে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে।
২৮তম ওভারে জোড়া আঘাত হানেন তাইজুল। মাহমুদুল হাসান জয়ের ক্যাচ বানিয়ে প্রোটিয়া ওপেনার টনি ডি জর্জিকে (৩০) ফেরানোর পর ম্যাথু ব্রিটজকে (০) বোল্ড করে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বাঁহাতি এই স্পিনার। এরপর ৩২তম ওভারের তৃতীয় বলে রায়ান রিকেলটনকে (২৭) সাজঘরে ফেরান তিনি। তাইজুলের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে ব্যাটের কানা নিয়ে চলে যায় উইকেট কিপার লিটনের কাছে। ইনিংসে আরেকবার ৫ উইকেট পেলেন তাইজুল, টেস্ট ক্যারিয়ারে যা ১৩তম।