× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাশ্চাত্যের ক্লাব ফুটবল

মেসি-কেইনের হ্যাটট্রিকের ঝলক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ২৩:৫৫ পিএম

লিওনেল মেসি ও হ্যারি কেইন

লিওনেল মেসি ও হ্যারি কেইন

চোট মাঝে বাগড়া দিয়েছে। নইলে কোপা আমেরিকার পর কত গোলই না উপহার দিতেন লিওনেল মেসি। ইনজুরির কারণে মেসি ম্যাজিক থেকে বঞ্চিত হয়েছেন ফুটবল অনুরাগীরা। দিন চারেকের ব্যবধানে সেটা প্রমাণ করলেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। মাঠের লড়াইয়ে ফের জ্বলে উঠলেন। দ্যুতি ছড়িয়ে আদায় করে নিলেন আরও একটি হ্যাটট্রিক।

বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিরুদ্ধে গত বুধবার সকালে মেসি হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার জার্সি গায়ে। সেই হ্যাটট্রিকে আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সর্বোচ্চ ১০ হ্যাটট্রিকের রেকর্ড ছুঁয়ে ফেলেন এ সুপারস্টার। আর্জেন্টাইন তারকা এবার হ্যাটট্রিক করলেন ক্লাব ইন্টার মিয়ামির জার্সি গায়ে। 

মেসির হ্যাটট্রিকের সঙ্গে লুইস সুয়ারেজ নৈপুণ্য দেখালেন জোড়া গোলের দারুণ পারফরম্যান্সে। দুই বন্ধুর ফুটবল ঝলকেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আজ সকালে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। এই জয়ে এমএলএসে সর্বোচ্চ পয়েন্ট জোগাড় করার রেকর্ড ভাঙল ফ্লোরিডার ক্লাবটি। গোল উৎসবের ম্যাচ শেষে মেসিদের পুঁজি এখন ৭৪ পয়েন্ট। ২০২১ সালে ৭৩ পয়েন্ট সংগ্রহের আগের রেকর্ড করেছিল নিউ ইংল্যান্ড।

অন্যদিকে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখও। স্টুটগার্টকে ৪-০ গোলে ধসিয়ে দিয়েছে বাভারিয়ানরা। জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদও। স্প্যানিশ চ্যাম্পিয়নরা ২-১ গোলে ধরাশায়ী করেছে সেল্টা ভিগোকে।

আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছিল বায়ার্ন। কিন্তু গোলের দেখা মিলছিল না কিছুতেই। অবশেষে দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙলেন হ্যারি কেইন। এরপর আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিকের আনন্দে ভাসলেন ইংলিশ স্ট্রাইকার। স্টুটগার্টকে উড়িয়ে জয়ের পথে ফিরল বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে বুন্দেসলিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে জার্মান জায়ান্টরা। লিগে দুই ও সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল জার্মানির সফলতম ক্লাবটি।

৫১তম মিনিটে গোলমুখে একটি সুবর্ণ সুযোগ হারানোর ছয় মিনিট পর দলকে এগিয়ে নেন কেইন। বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন তিনি। লিগে গত দুই রাউন্ডে দলের দুটি ড্র ম্যাচে ও এর মাঝে চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ম্যাচে জালের দেখা পাননি কেইন।

এ ছাড়া গত সপ্তাহে জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলেও গোল পাননি তিনি। সেই গোলখরা কাটানোর তিন মিনিট পর বক্সে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। আর ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

এবারের লিগে এটা তার দ্বিতীয় হ্যাটট্রিক। আসরে তার মোট গোল হলো আটটি। চ্যাম্পিয়নস লিগে দিনামো জাগরেবের বিপক্ষে দলের ৯-২ ব্যবধানে জয়েও হ্যাটট্রিক করেছিলেন তিনি। ৮৯তম মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন কিংসলে কোমান।

এদিকে লা লিগায় আগামী ২৬ অক্টোবর রাতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। মাঝে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকলেও লা লিগায় এল ক্লাসিকোর আগে শনিবার রাতটাই ছিল রিয়ালের প্রস্তুতির শেষ সুযোগ। সেই ম্যাচে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। সেল্টা ভিগোর মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ২-১ গোলে। এই জয়ে রিয়ালের হয়ে গোল করেছেন দলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়র। 

অন্য ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। টটেনহ্যাম হটস্পার ৪-১ গোলে জয়ের হাসি হেসেছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। তবে বোর্নমাউথের কাছে ২-০ গোলে হার মেনেছে আর্সেনাল। আর জার্মান লিগে ২-১ ব্যবধানে বায়ার লেভারকুসেন জিতেছে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। ইতালিয়ান সেরি এ’তে এসি মিলান ঘরের মাঠে ধরাশায়ী করেছে উদিনেসকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা