এনসিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ২০:৪৩ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ২১:০৮ পিএম
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব ও আইচ মোল্লা। রবিবার (২০ অক্টোবর) সিলেটের অ্যাকাডেমি মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫তম সেঞ্চুরি তুলে নেন মার্শাল। আইচ মোল্লা হাঁকান প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। তাদের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৩৮৬ রানে পিছিয়ে আছে বরিশাল বিভাগ। ঢাকা মেট্রোর ৫ উইকেটে ৪০৮ রান তুলে ইনিংস ঘোষণার জবাবে প্রথম ইনিংসে বিনা উইকেটে ২২ রান তুলেছে বরিশাল।
এদিকে সিলেটের আরেক মাঠে খুলনা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩২
রানের লিড নিয়েছে রাজশাহী। ৪ উইকেটে ৩৮৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা রাজশাহী আর
মাত্র ৪১ রান যোগ করেই অলআউট ৪২৬ রানে। ৯১ রান নিয়ে দিন শুরু করা ফরহাদ ফিরেছেন ৯৩
রানে। খুলনার পেসার আল-আমিন হোসেন ৯৬ রানে পান ৫ উইকেট। জবাব দিতে নেমে এসএম মেহরাব
হোসেনের ক্যারিয়ার সেরা ৩৫ রানে ৬ উইকেটে খুলনা বিভাগ গুটিয়ে যায় ১৯৪ রানে। অমিত মজুমদার
৫২ এবং জিয়াউর রহমান সর্বোচ্চ ৫৪ রান করেন। ৪৫ রান আসে নাহিদুলের ব্যাট থেকে।
খুলনার শেখ আবু নাসর স্টেডিয়ামে দ্বিতীয় দিনে শুরু ম্যাচে সিলেট প্রথম
ইনিংসে অলআউট ১৪৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন পেসার তানজিম হাসান সাকিব।
ঢাকা বিভাগের দুই স্পিনার মোহাম্মদ আনামুল হক ও নাজমুল ইসলাম অপু তিনটি করে উইকেট পান।
দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগ করেছে ১ উইকেটে ৩৮ রান। এদিকে বগুড়ায় মাঠ ভেজা থাকায় মাত্র
২১ ওভার খেলার সুযোগ পায় রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে
রংপুর বিভাগ ১ উইকেটে ৬৯ রান তুলে দিন শেষ করেছে। খালিদ হাসান ৩৭ ও অনিক সরকার ১ রানে
অপরাজিত আছেন। ২২ রানে সাজঘরে ফিরেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।