প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৬:৫৭ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ১৭:০৯ পিএম
সাকিব আল হাসান ইস্যুকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই উত্তাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এলাকা। টাইগার অলরাউন্ডারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে না দিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন ‘সাকিব-বিরোধী’রা। পাশাপাশি ‘সাকিবিয়ান’ ব্যানারে একদল সমর্থক আন্দোলন ও বিক্ষোভ করছেন মিরপুর টেস্ট খেলে সাকিবকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে।
আজ রবিবার (২০ অক্টোবর) দুপুর থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে নিজেদের দাবি নিয়ে শান্তিপূর্নভাবে স্লোগান দিচ্ছিলেন ‘সাকিবিয়ান’রা। এসময় সাকিবকে খেলার সুযোগ দিতে না পারলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বেলা ৩টার দিকে সাকিবিয়ানদের উপর লাঠিসোটা নিয়ে সাকিব-বিরোধীরা হামলা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় সাকিবিয়ানদের অনেককেই মারধর করে সাকিব-বিরোধীরা। মিরপুর এলাকার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আবার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে নিজেদের দাবির কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন সাকিবিয়ানরা। এ সময় আবার তাদের ওপর চড়াও হয় সাকিব বিরোধীরা।
এর মধ্যেই এক সাকিব ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে সাংবাদিকদের ওই সাকিব ভক্ত বলেন, তিনি রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান দেননি, শুধু সাকিবের পক্ষে স্লোগান দিয়েছেন। দুই পক্ষের ঝামেলা চলার সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে দক্ষিণ আফ্রিকা দল অনুশীলন করছিল।
এদিকে আগামীকাল থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।