× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেঙ্গালুরু টেস্ট

সরফরাজ-পন্তের ব্যাটিং বীরত্বের পরও হারের শঙ্কায় ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ২৩:৪৪ পিএম

'ড্যাডি' সেঞ্চুরি যান সরফরাজ খানের বুনো উল্লাস এখন মাটি হওয়ার পথে

'ড্যাডি' সেঞ্চুরি যান সরফরাজ খানের বুনো উল্লাস এখন মাটি হওয়ার পথে

টেস্ট ক্রিকেটের ইতিহাসটা নতুন করে লেখার স্বপ্ন গড়ছিল ভারত। যদিও দুর্ভাগ্যজনকভাবে অবিশ্বাস্য রকমের বিশৃঙ্খল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল তারা। বেঙ্গালুরুতে এই টেস্ট জেতা মানেই তো স্বাগতিকদের জন্য দারুণ এক রেকর্ড। ৫০ রানের কমে উড়ে গিয়েও টেস্ট জয়ের কীর্তি আছে মাত্র একটি।

১৮৮৭ সালে সিডনিতে ৪৫ রানে বিধ্বস্ত হয়েও অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে থেকেও টেস্ট জিতে নিতে পারলে আরও বড় রেকর্ড হতো। কেননা লাল বলের ক্রিকেটের ইতিহাসে প্রথম ইনিংসে ২৯১ রানের বেশি পিছিয়ে থেকে কোনো দল এর আগে টেস্টে জয়ের মুখ দেখেনি। 

প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের কষ্টটা দ্বিতীয় ইনিংসে ভুলতেই যাচ্ছিল। উঁকি দিচ্ছিল জয়ের আশাও। দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং করেও আক্ষেপের শেষ নেই যেন ভারতের। সরফরাজ খান (১৫০) ও রিশব পন্তের (৯৯) ব্যাটিং বীরত্বে ৪৬২ রান করলেও মাত্র ৫৪ রানে খুইয়েছে তারা শেষ ৭ উইকেট। নতুন বলে প্রতাপ বিস্তার করে গেছেন কিউই বোলাররা। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প ভুলে ফের ধসে পড়তে থাকে ভারতীয়রা। তাই তো নিউজিল্যান্ডের সামনে ১০৭ রানের বেশি লক্ষ্য ছুড়ে দিতে পারেনি তারা। বৃষ্টি হানা না দিলে এখন জয় ছিনিয়ে নেওয়ার বিনি সুতোয় স্বপ্নমালা বুনে চলেছে নিউজিল্যান্ড। আর বলতে গেলে এক রকম হারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে রোহিত শর্মারা।

আজ চতুর্থ দিনে ২১ ওভার খেলার সুযোগ পাওয়ার কথা ছিল কিউইদের। কিন্তু ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড মাত্র ৪ বল খেলার পর আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপরই নামে তুমুল বৃষ্টি। ওই চার বলে কোনো রান হয়নি। আজ শেষ দিনে নিউজিল্যান্ডের লক্ষ্যও তাই ১০৭ রানেই অপরিবর্তিত থেকে গেছে।

প্রথম ইনিংসে অমন মহাবিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে রীতিমতো ঝড় তুলেছিলেন ভারতের ব্যাটাররা। ৩ উইকেট হারিয়ে ৪৯ ওভারে ২৩১ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। গতকালও প্রায় একই গতিতে রান তুলেছে। কিন্তু চতুর্থ উইকেটে সরফরাজ ও পন্তের ১৭৭ রানের জুটির পরই ভেঙে পড়ে ইনিংস। সরফরাজের আউটে ৪০৮ রানে চতুর্থ উইকেট পড়েছিল, সেখান থেকে ৪৬২ রানে অলআউট!

'ড্যাডি' সেঞ্চুরিয়ান সরফরাজ আউট হওয়ার আগে ১৮টি চার ও ৩টি ছয়ে ১৯৫ বলে করেছেন ১৫০ রান। পন্ত ১০৫ বলে ৯৯ রানের ইনিংসে মেরেছেন ৯টি চার ও ৫টি ছয়। তিনটি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। দুটি উইকেট পান অ্যাজাজ প্যাটেল।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৪৬ ও ৪৬২ (সরফরাজ ১৫০, পন্ত ৯৯, রাহুল ১২, অশ্বিন ১৫; ও’রুর্ক ৩/৯২, হেনরি ৩/১০২, প্যাটেল ২/১০০, সাউদি ১/৫৩, ফিলিপস ১/৬৯)।

নিউজিল্যান্ড : ৪০২ ও ০.৪ ওভারে ০/০।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা