প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৬:২৫ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৬:৩৬ পিএম
দেশের ক্রীড়াঙ্গণের জরাজীর্ণ চেহারাকে বদলে দেয়ার চেষ্টা করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অযত্ন আর অবহেলায় আন্তর্জাতিক মর্যাদা হারানো স্টেডিয়ামগুলোতে খেলা ফেরানোর পাশাপাশি সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের স্বনামধন্য এম এ আজিজ স্টেডিয়াম সংস্কারের উদ্যোগের কথা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা।
শনিবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে সংস্কার প্রয়োজন এমন প্রতিটি জায়গা ঘুরে ঘুরে দেখে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং জেলা ক্রীড়া কর্মকর্তাকে আশু ব্যবস্থা নিয়ে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করতে নির্দেশ দেন তিনি।
পরে ক্রীড়া উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বার্তায় বলা হয়, ‘আফসোসের নাম চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। ১৯ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এখানে। রক্ষণাবেক্ষণ নেই, মাঠের বেহাল অবস্থা। গ্যালারি, মাঠ কিংবা প্রবেশপথ, তাকানো যাচ্ছে না কোনদিকেই। বিপিএলের সময় বিদেশি ক্রিকেটাররা এখানেও আসেন অনুশীলন করতে। এবার সংস্কারের ছোঁয়া পড়বে এখানেও।’
এমএ আজিজ স্টেডিয়ামেই ২০০৫ সালের ১০ জানুয়ারি জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে টেস্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সাগরিকায় জহুর আহমেদ স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু করায় অযত্ন-অবহেলায় বেহাল হয়ে পড়ে এই স্টেডিয়ামটি। তারপরও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে দলগুলোর অনুশীলন কোনোরকমে চালিয়ে নেয়া হতো এ মাঠে।
আসন্ন বিপিএলের একাদশ আসর সামনে রেখে জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের চলমান প্রকল্পসমূহ দ্রুত শেষ করতে এনএসসি কর্মকর্তাদের নির্দেশ দেন। এরপর কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়ামে কি কি সমস্যা রয়েছে তা নির্ধারণ করতে জাতীয় ক্রীড়া পরিষদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তাকে নির্দেশ দেন।
বর্তমানে চট্টগ্রামে কোনো আন্তর্জাতিক ম্যাচ মানেই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। আগামী সোমবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টও (২৯ অক্টোবর শুরু) এই ভেন্যুতে খেলবে বাংলাদেশ। ২১ অক্টোবর প্রথম টেস্ট মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে।