ইমার্জিং এশিয়া কাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ২১:২২ পিএম
৪টি উইকেট নিয়ে হংকংয়ের ইনিংসে ধস নামিয়েছেন পেসার রিপন মন্ডল। ছবি: বিসিবি
ওমানে ইমার্জিং এশিয়া কাপে শুভসূচনা
করেছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার (১৮ অক্টোবর) আসরের উদ্বোধনী ম্যাচে হংকং জাতীয় দলকে ৫ উইকেটে
হারিয়েছে আকবর আলির নেতৃত্বাধীন দল। হংকংয়ের ১৫০ রানের তাড়া করতে নেমে ১০ বল এবং ৫
উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে
প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিংয়ে দলীয় ৯ রানের মাথায় দুই ওপেনার জিশান
আলি ও আনশি রাথের উইকেট হারায় হংকং। তবে বিপর্যয় সামলে ঠিকই ঘুরে দাঁড়ায় হংকং। দ্বিতীয়
উইকেটে ৬৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিজাকাত খান ও বাবর হায়াত।
২০ বলে ২৫ রান করা নিজাকাত ফিরে গেলেও
একপ্রান্ত আগলে রেখে লড়াকু দলীয় সংগ্রহ এনে দেন বাবর। ডানহাতি এই ব্যাটার শেষদিকে আউট
হওয়ার আগে ৬১ বলে ২টি চার, ৭টি ছক্কায় ৮৫ রান করেন। যার সুবাদে নির্ধারিত ২০ ওভারে
৮ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে হংকং। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন রিপন মন্ডল।
লক্ষ্য তাড়ায় ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে
চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৫৪ রানে জুটি গড়েন অধিনায়ক
আকবর আলি। হৃদয় ২২ বলে ২৯ রান করেন। দলকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ফিফটির নিকট
দূরত্বে আউট হন আকবরও। ২৪ বলে ৪টি চার ও ৩ ছক্কায় তিনি ৪৫ রান করেছেন।
শেষ পর্যন্ত অপরাজিত থাকা শামীম পাটওয়ারী
১৯ এবং মাহফুজুর রহমান রাব্বি ৮ রান করেন। আর তাতেই ৫ উইকেটে জয় নিশ্চিত হয় বাংলাদেশ
‘এ’ দলের। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন ইশান খান। ম্যাচসেরা হন পেসার
রিপন মণ্ডল।