× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুর টেস্ট

মুরাদকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ২১:১৬ পিএম

মুরাদকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

বিদায়ি টেস্ট হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের চাওয়া ও ইচ্ছানুযায়ী তাকে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পরামর্শে দেশে ফেরেননি সাকিব। ৩৭ বর্ষী অলরাউন্ডারের বদলে টাইগার স্কোয়াডে তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে যুক্ত করেছে বিসিবি।

শুক্রবার (১৮ অক্টোবড়) জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু প্রথম টেস্টের দলে সাকিবের বদলে মুরাদকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন। বিসিবির পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে সাকিব প্রথম টেস্টের জন্য অ্যাভেইলেবল নয়। সে তার টেস্ট ক্যারিয়ারের শেষদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু অভিজ্ঞতা ব্যাট ও বল হাতে তার যে সামর্থ্যের কোনো বিকল্প নেই আমাদের।’

এদিকে মুরাদকে দলে নেওয়ার কারণ হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটের পারফরম্যান্সকে টেনে এনেছেন লিপু, ‘হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও সে ছিল। হাসান মুরাদ আমাদের বোলিংয়ে ভারসাম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস তার এই পর্যায়ে খেলার মতো সম্ভাবনা আছে।’

এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সি মুরাদ। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ। মূলত প্রথম শ্রেণির ক্রিকেটে স্বাক্ষর রেখেই নির্বাচকদের রাডারে মুরাদ। প্রথম শ্রেণিতে ১৩৬ উইকেট তুলেছেন ৩০ ম্যাচে।

প্রোটিয়া সিরিজের স্কোয়াডে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান। যে কারণে একাদশে তার জায়গা কিছুটা হলেও নড়বড়ে। তবে এটা ঠিক যে, সাকিব তাকে সুযোগ করে দিয়েছে স্কোয়াডে অন্তর্ভুক্তিতে। এখন নির্বাচকদের তুষ্টি এবং ভাগ্য সহায়ক হয় কি না সেটাই দেখার বিষয়। ২১ অক্টোবর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে। ২৯ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা