মিরপুর টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১৫:৫৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ২১:৩৯ পিএম
হাসান মুরাদ। সংগৃহীত ছবি
বিদায়ী টেস্ট হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের চাওয়া ও ইচ্ছানুযায়ী তাকে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু, নিরাপত্তা শঙ্কা ও যুব ও ক্রীড়া উপদেষ্টার পরামর্শক্রমে দেশে ফেরা থেকে বিরত থাকেন সাকিব। ৩৭ বর্ষী অলরাউন্ডারের বদলে স্কোয়াডে যুক্ত হয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনই তথ্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন ২৩ বর্ষী মুরাদ। সম্ভবনা জাগিয়েও সেবার একাদশে সুযোগ মেলেনি। তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে এশিয়ান গেমসে, হাংজুতে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন। মূলত প্রথম শ্রেণির ক্রিকেটে সাক্ষরতা রেখেই নির্বাচকদের রাডারে মুরাদ। প্রথম শ্রেণিতে ১৩৬ উইকেট তুলেছেন ৩০ ম্যাচে। এবারের স্কোয়াডে তাইজুল ইসলাম ও নাঈম হাসান থাকাতে তার জায়গা কিছু হলেও নড়বড়ে। তবে এটা ঠিক যে, সাকিব তাকে সুযোগ করে দিয়েছে স্কোয়াডে অন্তর্ভুক্তিতে। এখন নির্বাচকদের তুষ্টি এবং ভাগ্য সহায়ক হয় কিনা সেটাই দেখার বিষয়।
এদিকে বাংলাদেশ সরকারের পরামর্শক্রমে বাংলাদেশে ফেরত না আসা সাকিব এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন। মিরপুর টেস্টের জন্য তার যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে ঢাকায় আসার কথা ছিল তার। কিন্তু গতকাল মিরপুর স্টেডিয়ামের সামনে ‘মিরপুরের ছাত্র-জনতা’র ব্যানারে একটা দল সাকিব বিরোধী অবস্থান নেয়। তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল বিসিবির প্রশাসন ও নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা মেজর (অব.) হাসিবুজ্জামানের কাছে স্মারকলিপি দেয়। যাতে লেখা ছিল , সাকিবকে দল থেকে বাদ না দিলে খেলার দিন কঠোর কর্মসূচি দেওয়া হবে। বাংলাদেশের ক্রিকেটের ওপর তার নেতিবাচক প্রভাব পড়লে সে দায় বিসিবি সভাপতিকেই নিতে হবে। শেষ পর্যন্ত সাকিবকে বাদ দিয়েই বাংলাদেশ দলকে খেলতে হচ্ছে মিরপুর টেস্ট। দেখার বিষয়, ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ঘরের মাঠে সাকিবকে ছাড়া কেমন পারফরম্যান্স করে বাংলাদেশ।
মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।