প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১৫:১২ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ১৫:৪৪ পিএম
২০২৩ সালে ‘ট্রান্সজেন্ডার’ বা রূপান্তরিত খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে পদাঙ্ক অনুসরণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দেশটির ঘরোয়া ক্রিকেটে মেয়েদের শীর্ষ প্রতিযোগিতায় রূপান্তরিত নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসিবি জানিয়েছে, রূপান্তরিত হয়ে নারী হওয়া কোনো খেলোয়াড় দেশটির শীর্ষ দুটি স্তর টায়ার ওয়ান ও টায়ার টুতে খেলতে পারবেন না। ‘দ্য হান্ড্রেড’-এও এ নিয়ম কার্যকর হবে।
এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে বিস্তর পরামর্শ, ন্যায্যতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তির মধ্যে মিথস্ক্রিয়া বিবেচনায় নিয়েছে বলে জানিয়েছে ইসিবি। যেখানে বলা হয়েছে, ‘পরামর্শ গ্রহণকালে সংগৃহীত বিস্তৃত মতামত, ২০২৩ সালে পরিচালিত আলোচনা পর্ব এবং প্রাসঙ্গিক বিজ্ঞান ও চিকিৎসা প্রমাণ বিবেচনায় নিয়ে ইসিবি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫ সাল থেকে মেয়েদের পেশাদার ঘরোয়া ক্রিকেটে আইসিসির মতো একই নীতি গ্রহণ করা হবে।’
ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণকে ‘জটিল বিষয়’ উল্লেখ করে ইসিবি বিবৃতিতে লিখেছে, ‘ইসিবি স্বীকার করে যে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ একটি জটিল ক্ষেত্র। যেটায় অনেকে দৃঢ়তাপূর্ণ দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং সব বিবেচনার মধ্যে ভারসাম্য রাখা অসম্ভব।’
প্রসঙ্গত, যুক্তরাজ্যের সাঁতার, সাইক্লিং, অ্যাথলেটিকস, রাগবি লিগ ও রাগবি ইউনিয়নে আগে থেকেই ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ।