× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়া মেয়েরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ১২:৩৪ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ১৬:২০ পিএম

টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

প্রতিশোধ সম্ভবত এটাকেই বলে! গত বিশ্বকাপে যাদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই অস্ট্রেলিয়ার জয়রথ থামিয়ে টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। গতকাল বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে থাইলা ম্যাকগ্রেথদের ৮ উইকেটে হারিয়েছে লরা উলভার্থ ব্রিগেড। এ জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে প্রোটিয়া নন্দিনীরা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে অস্ট্রেলিয়া।  জবাবে ১৬ বল হাতে রেখে জয়ের বন্দরে নৌকা ভেড়ায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের আনন্দে ভাসানোর নায়ক অ্যানেকে বস্ক। ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।

ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নামেন গ্রেস হ্যারিস ও বেথ মুনি। দলীয় ৭ রানে হ্যারিস সাজঘরমুখো হন। এরপর ব্যক্তিগত ৫ রানে ফেরেন জর্জিয়া ওয়ারেহাম। তবে চেষ্টা চালিয়ে যান মুনি। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন এ ব্যাটার। রানআউটে কাটা পড়ার আগ পর্যন্ত ৪২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। তাহলিয়া ম্যাকগ্রা ২৭ এবং অ্যালিসা পেরি খেলেন ৩১ রানের ইনিংস। সব মিলিয়ে কোটার সব ওভারে ১৩৪ রান তোলেন অজি মেয়েরা।

লক্ষ্য তাড়ায় নেমে পঞ্চম ওভারে মাত্র ২৫ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ওপেনার লরা উলভার্থ  ও ৩ নম্বরে নামা অ্যানেক বস্ক অসাধারণ খেলে জয় এনে দেন দলকে। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে তোলেন ৯৬ রান। ১৫তম ওভারের শেষ বলে উলভার্থ ৪২ রান করে আউট হয়ে গেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বস্ক।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে বেশ খুশি প্রোটিয়া ক্যাপ্টেন উলভার্থ। ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার ক্রিকেটীয় ক্যারিয়ারে এটি অন্যতম সেরা জয়। এটি আমাদের সেরা বছর। এ সাফল্যের মূলে দলীয় প্রচেষ্টা সবচেয়ে বেশি কাজ করেছে। সব সময়ই আমাদের দুর্বলতা খুঁজেছি, সে অনুযায়ী কাজ করেছি। সব সময় এটা নিয়ে অ্যানালাইসিস করেছি এবং অন্য দলগুলো সম্পর্কেও যাচাইবাছাই করেছি। আমি সত্যিই ধন্য, আমাদের পরিকল্পনা আজ কাজে লেগেছে।’

এ সময় বোলার ও ব্যাটারদের ভূয়সী প্রশংসা করেন তিনি, ‘আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। তাদের প্রশংসা করতেই হবে। সবচেয়ে ভালো লেগেছে তাদের (অস্ট্রেলিয়া) অল্পতে আটকে দিয়েছে। আমরা শুরুতে ভালো স্কোর পাইনি। তবে তাজ এবং আমি খেলার মোড় ঘুরিয়ে দিই। এ ছাড়া অ্যানেকে তার ভূমিকা দারুণভাবেই পালন করেছে। এর জন্য সে ধন্যবাদপ্রাপ্য।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আট আসরের ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অথচ তাদের গতকাল দেখতে হলো মুদ্রার উল্টোপিঠ। এ নিয়ে কিছুটা হাপিত্যেশ এবং হীনম্মন্যতায় ভুগছেন অজি অধিনায়ক ম্যাকগ্রেথ। তিনি স্বীকার করে নিয়েছেন, কঠিন সময় পার করেছে তার দল। বলেছেন, ‘আজ রাতে আমরা সেরাটা উপহার দিতে পারিনি। সত্যিকার অর্থে একটু কঠিন সময় পার করেছি। এ টুর্নামেন্টে আমরা সেরাটা উপহার দিতে ব্যর্থ। এ ম্যাচে পুরো কৃতিত্ব দক্ষিণ অফ্রিকার। তারা দুর্দান্ত খেলেছে। টস হেরে যাওয়া, প্রথমে ব্যাটিং করা। এ হারের জন্য এমন অনেক কিছুই দায়ী। তবে এসব ভুলে সামনে কীভাবে ভালো করা যায় সেদিকে নজর থাকবে আমাদের।’

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৩৪/৫ (মনি ৪৪,পেরি ৩১; খাকা ২/২৪)
দক্ষিণ আফ্রিকা: ১৭.২ ওভারে ১৩৫/২ (অ্যানেক ৭৪, লরা ৪২; সাউদারল্যান্ড ২/২৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: অ্যানেক বস্ক।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা