সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৪৯ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ শুভযাত্রার জন্য প্রস্তুত সাবিনারা। ছবি : বাফুফে
এবারের সাফ যাত্রার আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম ছিল গ্রুপপর্বে ভারত ও পাকিস্তানের সঙ্গে পারা। যদিও দক্ষিণ এশিয়ার মেয়েদের বিশ্বকাপখ্যাত সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে সময় বদলেছে, স্কোয়াড, কোচসহ বদলেছে অনেক কিছুই। তার পরও শিরোপা ধরে রাখার মিশনে নেপালে এখন বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার অনুশীলন সেশন করেই সময় কাটিয়েছেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা ও সুমাইয়া মাতসুশিমারা। তবে সন্ধ্যায় প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটিও তারা দেখেছেন মাঠে বসে। যেখানে নিজেদের গ্রুপের অপর দুই দল মুখোমুখি হয় একে অপরের। এই ম্যাচে পাকিস্তানকে ৫-২ ব্যবধানে হারিয়েছে প্রতিবেশী দেশ ভারত। পাকিস্তানের বড় হারে বাংলাদেশও পেয়েছে বার্তা। কেননা গ্রুপের একটি দলকে হারাতে পারলেই মিলে যেতে পারে শেষ চারের টিকিট। কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশ সেই ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে জিততে চাইবে।
নিজেদের উদ্বোধনী ম্যাচটাও এই পাকিস্তানের বিপক্ষে। আগামী ২০ অক্টোবর রবিবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। সাবিনাদের মোকাবিলার আগে পাকিস্তানকে বড় ধাক্কাই দিয়েছে ভারত। পাকিস্তানের জন্য তাই বাংলাদেশের বিপক্ষে খেলাটি এক অর্থে বাঁচা-মরার। মরণকামড় দিতেই লাল-সবুজের প্রতিনিধিদের মোকাবিলায় নামবে তারা। আর বাংলাদেশ পাবে ৫ গোলের লজ্জায় নতজানু ও ব্যাকফুটে থাকা পাকিস্তানকে। এ যেন পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশকে সহজ বার্তাই দিয়ে দিয়েছে ভারত। এবার নিজেদের কাজটা মাঠে করতে পারলেই হয়।
কয়েক বছর ধরেই সাফের শক্ত প্রতিপক্ষ ভারতের পর নেপাল। বাংলাদেশ গ্রুপ পর্বের রানার্সআপ হলে সেমিফাইনালে পেতে পারে স্বাগতিক নেপালকে। ছন্দে থাকা নেপালকে অবশ্য আগে মোকাবিলা করতে চাইবে না বাংলাদেশ। ভারতকে হারিয়ে গ্রুপসেরা হলে শেষ চারে বাংলাদেশ পাবে অপর গ্রুপের রানার্সআপ দলকে। যদিও দলের অধিনায়ক সাবিনা জানিয়েছেন তারা ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে চান এবং প্রতিপক্ষকেও করছেন সমীহ, ‘এবার সাফ চ্যাম্পিয়নশিপ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এককথায় কঠিনই হবে শিরোপা ধরে রাখা। তার পরও আমরা যোগ্যতার ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করব মাঠে। আমরা ম্যাচ বাই ম্যাচ টার্গেট করে এগোব। আমাদের গ্রুপে থাকা ভারত ও পাকিস্তান দুই দলই শক্তিশালী।’
গ্রুপপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি আগামী ২৩ অক্টোবর। ‘বি’ গ্রপে আছে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।