× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুলতান টেস্ট

চালকের আসনে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২০:৩০ পিএম

প্রথম ইনিংসে সাত উইকেট তোলেন সাজিদ খান।

প্রথম ইনিংসে সাত উইকেট তোলেন সাজিদ খান।

নিষ্পত্তির অপেক্ষায় মুলতান টেস্ট। জয় পেতে ইংল্যান্ডের প্রয়োজন ২৬১ রান। হাতে অবশিষ্ট ৮ উইকেট। প্রথম টেস্ট বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচটি ‘মাস্ট উইন’ স্বাগতিকদের জন্য। সমতায় ফেরার এমন আবহ এবং দলকে জয়ের আভাস দেওয়ার পুরো কৃতিত্ব সাজিদ খানের। প্রথম ইনিংসে ৭ উইকেট তোলার পর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ওপেনিং জুটিও ভেঙে দিয়েছেন পাকিস্তানের এ স্পিনার। তার ঘূর্ণিপাকে বেহাল সফরকারীদের। জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড তৃতীয় দিন শেষ দুই উইকেট খুইয়ে তুলেছে ৩৬ রান।

মুলতানে ৬ উইকেটে ২৩৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির আগে ইংলিশদের বাকি চার ব্যাটারকে ফেরান পাকিস্তানি বোলাররা। ইংলিশ ব্যাটারদের মধ্যে বেন ডাকেট ১১৪ রানের ইনিংস খেলেন। সাজিদ খান ২৬.২ ওভার বল করে ৭ উইকেট নেন। প্রায় ১০ মাস পর টেস্ট জার্সি গায়ে জড়ান। আবরার আহমেদের অসুস্থতার কারণেই দলে সুযোগ পেয়েছেন সাজিদ। ৩১ বছর বয়সি এ স্পিনারই এখন পাকিস্তানের প্রথম অফ স্পিনার, যিনি সাকলায়েন মুশতাকের পর দেশের মাটিতে কোনো টেস্টে এক ইনিংসে কমপক্ষে ৫ উইকেট নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে জ্যাক লিচ ও শোয়েব বশিরের ঘূর্ণির মুখে পাকিস্তান ২২১ রানে অলআউট হয়ে যায়। ব্যাট হাতে সর্বোচ্চ ৬৩ রান করেন সালমান আঘা। ৪ ও ৬ রানে জীবন পেয়ে ৮৯ বলে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এ ছাড়া সৌদ শাকিল করেন ২৬ রান।

২৯৭ রানের লক্ষ্যে নেমে শেষ বিকালে বিপাকে পড়ে সফরকারীরা। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে ফিরিয়ে দেন সাজিদ। দলীয় ১১ রানে জ্যাক ক্রলিকে (৩) ফেরান নোমান। শুরুর এই জোড়া ধাক্কা সামলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে টিকে আছেন জো রুট (১২) ও ওলি পোপ (২১)।

আগামীকাল জয়ের জন্য লড়বে ইংল্যান্ড। যদিও ইতিহাস বলছে, পাকিস্তানের মাটিতে চতুর্থ ইনিংসে ২২০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি সফরকারী কোনো দল। আর সেখানে ইংল্যান্ড এখনও পিছিয়ে ২৬১ রান। তার মধ্যে ফাটা উইটেক স্পিনারদের পক্ষেই কথা বলছে। তাই বলাই যেতে পারে, জয় পেতে ইতিহাস বদলে দিতে হবে বেন স্টোকদের।

 

মুলতান টেস্ট

পাকিস্তান : ৩৬৬ ও ২২১

ইংল্যান্ড : ২৯১ ও ৩৬/২

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা