প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৯:৪৩ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৯:৫১ পিএম
ধর্ষণের অভিযোগে এমবাপের পাশে রিয়াল। সংগৃহীত ছবি
উয়েফা নেশন্স লিগের শেষ দুই ম্যাচের জন্য ফ্রান্সের স্কোয়াডে কিলিয়ান এমবাপেকে রাখেননি প্রধান কোচ দিদিয়ের দেশম। দলে জায়গা না পেয়ে সময়টা ঘুরে ফিরে কাটিয়েছেন ফরাসি তারকা। গিয়েছিলেন সুইডেনের রাজধানী স্টকহোমের একটি নৈশক্লাবে। সেখান থেকে বের হওয়ার পর ধর্ষণের ঘটনায় নাম জড়ায় রিয়াল মাদ্রিদের এই তারকার। এমন খবরই উঠে আসে সুইডেনের বেশকিছু সংবাদমাধ্যমে। তবে এমবাপের বিরুদ্ধে ওঠা অভিযোগটিকে মিথ্যা বলে তার পাশে থাকার কথা জানিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
গত মঙ্গলবার সুইডেনের গণমাধ্যম ‘আফতোব্লাদেত’ ও ‘এক্সপ্রেসেন’ জানায়, এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। তবে সন্দেহভাজনের নাম উল্লেখ করেননি তারা। যদিও একে মিথ্যা সংবাদ বলে উড়িয়ে দিয়েছেন এমবাপে নিজেই। রিয়াল তারকা আরও দাবি করেন, পিএসজির কাছে বকেয়া পাওনা নিয়ে তিনি যে আইনি লড়াই করছেন, তার সঙ্গে ধর্ষণের অভিযোগের যোগসূত্র রয়েছে। তার আইনজীবী জানান, তিনি অভিযোগ শুনে হতবাক হয়ে গেছেন।
এসব বিতর্কের মধ্যে এমবাপের পাশে দাঁড়িয়েছে তার বর্তমান ক্লাব। বার্তা সংস্থা এএফপিকে নিজেদের অবস্থান জানিয়েছে রিয়াল। সেখানে তারকা ফুটবলারের বিরুদ্ধে এই অভিযোগকে ‘ক্রীড়ার ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যা’ বলে উল্লেখ করেছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।