প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৭:৫৮ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৮:৩৯ পিএম
মিরপুরে সাকিববিরোধী স্লোগান দেয় ‘মিরপুর ছাত্র-জনতা’ ব্যানারে নামা আন্দোলনকারীরা— সংগৃহীত ছবি
সাকিব আল হাসান দেশে আসবেন কি না, সেই ধোঁয়াশা এখনও থাকছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, সাকিব দেশে ফিরছেন না। তিনি দুবাই থেকে নিউইয়র্কের বিমান ধরতে পারেন। তবে তার মাঝেই বৃহস্পতিবার মিরপুরে আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা। ‘মিরপুর ছাত্র-জনতা’ ব্যানারে আন্দোলনকারীরা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে তারা বিসিবিকে একটি স্মারকলিপিও দিয়েছে।
শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে সকাল থেকে জড়ো হয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাহিরে’, ‘টরন্টো নাকি মিরপুর, মিরপুর মিরপুর’ ইত্যাদি স্লোগান দেন। স্মারকলিপি প্রদান শেষে আন্দোলনকারীরা জানান, মিরপুর টেস্টে সাকিব বাদ না পড়লে আন্দোলনের পরিধি বাড়বে। একই সঙ্গে তারা ‘মিরপুর ব্লকেড’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদকে উদ্ধৃতি করে দেওয়া স্মারকলিপিতে লেখা হয়েছে, ‘গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সব জায়গায় যে পরিবর্তন হয়েছে তার অংশ আপনি নিজে। যদি এই গণঅভ্যুত্থান না হতো, তাহলে আপনি বিসিবি প্রধান হতেন না। তাই আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত ফ্যাসিবাদ নির্মূল করে নিজের প্রতিষ্ঠানটি পরিচালনা করা। আপনি কোনোভাবেই তাই ফ্যাসিবাদের পুনর্বাসন করতে পারেন না। আপনি পারেন না বাংলাদেশের জার্সি একজন ভোটচোর এমপির গায়ে জড়িয়ে দিতে। এই কাজের মাধ্যমে আপনি কেবলমাত্র পতিত স্বৈরাচারের মন্ত্রী ও সাবেক বিসিবি প্রধান পাপনের প্রতিজ্ঞা পূরণ করতে যাচ্ছেন।’
স্মারকলিপিতে আরও বলা হয়, ‘পাপন (বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন) কথা দিয়েছিল যে সে সাকিবকে মিরপুরের মাটিতে বিদায় দেবে। আপনিও ঠিক একই কাজটা করতে যাচ্ছেন । সাকিবকে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে দেওয়ার মাধ্যমে আপনি একজন ভোটচোর, হাসিনার দালাল, দুর্নীতিবাজ, শেয়ার বাজার কেলেঙ্কারির অপরাধী, জুয়ার দালালের শরীরে আমাদের প্রিয় মাতৃভূমির জার্সি তুলে দিচ্ছেন। আপনি পারেন না আমাদের এই মিরপুরে শহীদ হওয়া ভাইদের লাশের ওপর সাকিবকে ব্যাট বল চালাতে দিতে। অন্যথায় আপনি নিজেই আরেকজন পাপন হয়ে উঠবেন।’
দেওয়া হয় কর্মসূচির হুঁশিয়ারিও, ‘সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেওয়া এবং সাকিবের অপকর্মের ব্যাপারে ব্যবস্থা না নিলে আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে আরও কঠোর করে তুলব। খেলার দিন মিরপুর এলাকায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এর ফলে যদি কোনো অরাজকতা সৃষ্টি হয়, বাংলাদেশের মাটিতে অন্য দেশগুলো খেলতে না আসে কিংবা বাংলাদেশ ক্রিকেট আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞাসহ অন্য যেকোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে এর সব দায়ভার বিসিবিপ্রধান হিসেবে আপনাকে নিতে হবে।’
সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা দল এখন ঢাকায়। বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ ফিল সিমন্সের অধীনে অনুশীলনও চালাচ্ছে টিম টাইগার্স। ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে মিরপুর টেস্টের দলে আছেন সাকিবও। এ উপলক্ষে দেশেও ফিরছিলেন। কিন্তু এর পরই বুধবার মধ্যরাতে তৈরি হয় নতুন জটিলতা। সাকিবকে সংযুক্ত আরব আমিরাতেই থামতে হয়েছে। ফের সবুজ সংকেত মিললেই কেবল আসবেন ঢাকায় তিনি। তবে ক্রিকইনফোকে সাকিব জানিয়েছেন, নিরাপত্তার কারণে তিনি দেশে ফিরবেন না।