× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতকে ৪৬ রানে গুটিয়ে দিল নিউজিল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ১৪:৩৪ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ১৫:১৯ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে এ টেস্টে ভারত অলআউট হয়েছে ৪৬ রানে। সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে এ টেস্টে ভারত অলআউট হয়েছে ৪৬ রানে। সংগৃহীত ছবি

সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে উড়ন্ত ছন্দে ছিল ভারত। কিন্তু পরের সিরিজেই ভিন্ন এক ভারতের দেখা মিলল বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ দ্বিতীয় দিনে ভারতকে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে সফরকারী নিউজিল্যান্ড।

এদিন শুরু থেকেই ভারতের ব্যাটারদের ওপর চেপে বসেন নিউজিল্যান্ডের পেসাররা। রোহিত শর্মাকে বোল্ড করে যার ‍শুরুটা টিম সাউদির হাত ধরে। এর পরের কাজটা সেরেছেন উইল ও’রুর্কি আর ম্যাট হেনরি। সেই সঙ্গে চারটি দুর্দান্ত ক্যাচের সুবাদে ভারত পেয়েছে নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোরে অলআউটের লজ্জা। নিউজিল্যান্ডের বিপক্ষে এ টেস্টে ভারত অলআউট হয়েছে ৪৬ রানে।

ঘরের মাঠে টেস্টে এটিই ভারতের সর্বনিম্ন রানের ইনিংস। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষেও এটিই সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির। তবে সামগ্রিকভাবে এটি তৃতীয় সর্বনিম্ন। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০ সালে ৩৬ আর ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ৪২ রানে গুটিয়ে গিয়েছিল।

বৃষ্টিবিঘ্নিত এ টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেই স্বাগতিক ব্যাটারদের ওপর চড়াও হয় নিউজিল্যান্ড। লাঞ্চের আগে ৩৪ রান তুলতেই নেই ভারতের ৬ উইকেট। তার মাঝে চারজন ফিরেছেন শূন্য রানে। পরে তাতে যোগ হয়েছে আরও একজনের নাম। ভারতের জন্য টেস্টে এক ইনিংসে পাঁচ ডাক মারার ঘটনা এটি ষষ্ঠবার।

লাঞ্চের আগেই ৩৪ রানে ৬ উইকেট পতন ভারতের জন্য ঘরের মাঠে বিগত ৫৫ বছরে সবচেয়ে দ্রুত প্রথম ৬ উইকেট হারানোর ঘটনা। এর আগে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই হায়দরাবাদ টেস্টে ২৭ রানে ৬ উইকেট হারিয়েছিল তারা। তবে এবারে নিউজিল্যান্ডের পেস ইউনিট এমন কিছু করবে তা হয়তো ভেবেও দেখেনি ভারত।

শুরুটা ৯ রানে রোহিত শর্মার উইকেট নিয়ে। বড় শট খেলতে গিয়ে টিম সাউদির বলে ভারত অধিনায়ক হয়েছেন বোল্ড। উইল ও’রুর্কি কিছুটা বাড়তি বাউন্সে কোহলিকে ফেলেছেন ফাঁদে। লেগ গালিতে গ্লেন ফিলিপসের অসাধারণ ক্যাচে ডাক মেরে ফিরতে হয় তাকে। পরের ওভারেই ম্যাট হেনরির বলে আলতো শট খেলতে গিয়ে ডেভন কনওয়ের আরেকটি অসামান্য ক্যাচে ফিরতে হয় সরফরাজ খানকে।

এরপর ঋষভ পন্ত আর যশস্বী জয়সওয়াল কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও সেটা হয়নি। দুজনের জুটি টিকেছে ২৩ রান পর্যন্ত। এরই মাঝে হানা দেয় বৃষ্টি। সে বিরতির পর ফের আঘাত করে নিউজিল্যান্ড। যশস্বী জয়সওয়াল ৬৩ বলে ১৩ রান করে ক্যাচ দিতে বাধ্য হয়েছেন। এর পরই ডাক মেরেছেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। ভারতের রান তখন মোটে ৩৪। এর পরই আসে লাঞ্চ বিরতি।

লাঞ্চের পর প্রথম বলেই রবিচন্দ্রন অশ্বিন মেরেছেন গোল্ডেন ডাক। স্লিপে ক্যাচ দেন ম্যাট হেনরির বলে। শেষ স্বীকৃত ব্যাটার ঋষভ পন্ত আউট হয়েছেন সেই হেনরির বলেই। টম ল্যাথামকে ক্যাচ দেন তিনি। এর পরই ১ রান করে ফেরেন যশপ্রীত বুমরাহ। বাড়তি বাউন্সের বলে উড়িয়ে মেরেছিলেন। ফাইন লেগ থেকে দুর্দান্ত এক ক্যাচ নেন হেনরি।

দিনের শেষ উইকেটও পেয়েছেন হেনরিই। টেস্ট ক্যারিয়ারের শততম উইকেট হিসেবে তুলে নেন কুলদীপ যাদবের উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা