প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২১:৪৪ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ২১:৫২ পিএম
ইংল্যান্ডের সঙ্গে ১৮ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন টমাস টুখেল। কিছুদিনের মধ্যেই হ্যারি কেইনদের সঙ্গে কাজ শুরু করবেন জার্মানের এই কোচ। আজ বুধবার এক বিবৃতিতে টুখেলকে হেড কোচ হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ইংল্যান্ডের সঙ্গে পথচলার ঘোষণার পর নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ৫১ বছর বয়সি টুখেল।
ইংল্যান্ড দলের দায়িত্বপ্রাপ্তির পর সাবেক চেলসি কোচ জানিয়েছেন, ইংল্যান্ডের জার্সিতে দুটি স্টার দেখতে চান তিনি। এর জন্য ২০২৬ বিশ্বকাপকে লক্ষ্য করেছেন। অর্থাৎ ফিল ফোডেনদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার খরা কাটাতে বদ্ধপরিকর তিনি। ওয়েম্বলিতে সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘বড় লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করে যাব। ২০২৬ বিশ্বকাপে স্বপ্ন পূরণ করার দারুণ সুযোগ রয়েছে। আমি ইংল্যান্ডের জার্সিতে আরেকটি স্টার দেখতে চাই। এটা নিয়েই কাজ করে যাব।’
নিজের পথচলা নিয়ে টুখেল বলেছেন, ‘অতিদ্রুত বুঝতে পেরেছি, এটি বড় ধরনের কাজ। আমি সব সময় মনে করি, আপনি যে চাকরিতে আছেন, সেটাই সবচেয়ে বড় চাকরি। এটাকে আলাদা করার সুযোগ নেই। তবে এটা ঠিক যে, ইংল্যান্ডের দায়িত্ব পাওয়া সত্যিই বড়।’
নিজের সম্পর্কে বলতে গিয়ে জার্মান এই কোচ বলেছেন, ‘আমি খুবই আবেগী। কাজ ভালোবাসি। ফুটবল নিয়ে ভাবতে পছন্দ করি। ২০২৫ সালের জানুয়ারি থেকে বিশ্বকাপ পর্যন্ত একটা সময় নির্ধারণ করেছি। এ নিয়ে এখন থেকেই উত্তেজিত। আমার সমর্থকরা দেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগ আমার প্যাশন ও কাজের ধরন। আমি এখানে (ইংল্যান্ড) থাকতে পছন্দ করি এবং কাজ উপভোগ করি। আশা করি, আমি তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাব।’