প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২১:৩১ পিএম
মিরপুরে অনুশীলনরত খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন সিমন্স— সংগৃহীত ছবি
চন্ডিকা হাথুরুসিংহেকে বহিষ্কার করার ঘোষণা দেওয়ার পরপরই বিসিবি প্রধান ফারুক আহমেদ জানিয়ে দেন নতুন কোচের নামও। কড়া হেডমাস্টার হাথুরুর যুগ শেষ, এখন থেকে বাংলাদেশের দায়িত্ব ফিল সিমন্সের কাঁধে। দায়িত্ব পাওয়ার পর দেরি করেননি ক্যারিবিয়ান তারকা। বিসিবির ঘোষণার এক দিনের মধ্যেই দায়িত্ব নিতে মিরপুরে হাজির হন সিমন্স। বুধবার সকালে ঢাকা পৌঁছানোর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও ঢু মারেন। এ সময় শান্তদের অনুশীলন দেখার পাশাপাশি আলাপ সারেন বিদেশি বাকি কোচদের সঙ্গেও।
সিমন্সের তাড়া থাকার কারণও আছে বৈকি! এ মাসের ২১ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ সামনে রেখে গতকাল দলও দিয়েছে বিসিবি। একই দিনে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে প্রোটিয়া দলও। একই ফ্লাইটে ঢাকায় আসেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ। দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট নেয় দক্ষিণ আফ্রিকা দল। সিমন্স ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সেখানে তাদের সঙ্গে যোগ দেন। দীর্ঘ ভ্রমণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বেশ ক্লান্ত হয়ে গেলেও বিমানবন্দরে বেশ হাসিখুশি দেখা যায় সিমন্সকে।
জানা গেছে, আগামীকালই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন সিমন্স। সাবেক অলরাউন্ডার সিমন্স কোচ হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত নাম। দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন। তার অধীনে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ক্যারিবিয়ানরা। এর আগে-পরে মিলিয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের প্রধান কোচ ছিলেন সিমন্স। ব্যাটিং কোচ ছিলেন আফগানিস্তান দলের। এ ছাড়া নানা সময়ে বিভিন্ন দলের পরামর্শক ও বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় প্রধান কোচসহ নানা ভূমিকাতে দেখা গেছে তাকে।
এবার প্রধান কোচ হয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে এলেন তিনি। শুরুতেই তার কাঁধে পড়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। এরপর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবে বাংলাদেশ। সেখান থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। টানা ব্যস্ত সূচির পর ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। আপাতত পাকিস্তানে অনুষ্ঠিত ওই টুর্নামেন্ট পর্যন্তই সিমন্সের সঙ্গে চুক্তি হয়েছে বিসিবির।