× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট

ভারত সফরের দুঃখ ভোলার সিরিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২১:২৬ পিএম

দুই টেস্ট খেলতে আজ সকালে ঢাকায় পা রাখে দক্ষিণ আফ্রিকা দল— ছবি: বিসিবি

দুই টেস্ট খেলতে আজ সকালে ঢাকায় পা রাখে দক্ষিণ আফ্রিকা দল— ছবি: বিসিবি

কোচ পরিবর্তন হয়েছে, চন্ডিকা হাথুরুসিংহের বদলে নাজমুল হোসেন শান্তদের দায়িত্বে এসেছেন ফিল সিমন্স। বদল এসেছে দলের পরিকল্পনায়ও। ঘরের সিরিজ হওয়ায় মাঠও নখদর্পণে। আবহাওয়া, ভেন্যু ও দর্শক—সব পক্ষে থাকার সিরিজে বড় কিছুই আশা করছে বাংলাদেশ। বিসিবির মতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বুধবার ঘোষিত দলটিও টোটাল ব্যালান্সড। মোদ্দাকথা, প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ভারত সফরের দুঃস্বপ্ন ভুলতে চায় টিম টাইগার্স। ২১ তারিখে শুরু হওয়া মিরপুর টেস্ট জিতে সাকিবের বিদায় রাঙানোই আপাতত লক্ষ্য।

বুধবার প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের প্রথমটির দল দেয় বিসিবি। সেখানে চমক বলতে আছেন শুধু সাকিব। ভারতের বিপক্ষে সিরিজ হেরে আসা দল থেকেও নেই কোনো পরিবর্তন। আগেরবার ১৬ জনের দল নিয়েছিল বাংলাদেশ, ঘরের মাঠে থাকছেন ১৫ জন। সেই অর্থে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। এই টেস্টেও থাকছেন সাকিব আল হাসান। নিজের শেষ টেস্ট ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে চেয়েছিলেন সাকিব। সব শঙ্কা কেটে গেছে, তার ইচ্ছাও পূরণ হতে চলেছে।

মিরপুর টেস্টের জন্য সাকিব ছাড়াও তিনজন স্পেশাল স্পিনার রাখা হয়েছে— মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলী অনিকও আছেন দলে। টাইগারদের টপ অর্ডার ও মিডল অর্ডারে কোনো পরিবর্তন আসেনি। বোলিংয়ের তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে সাজানো হয়েছে পেস ইউনিট। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওপেনিংয়ের বিবেচনায় থাকছেন জাকির, সাদমান ও জয়।

ভারত সিরিজে মোটা দাগে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্তরা। দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই হেরেছেন বড় ব্যবধানে। সেই ব্যর্থতা কাটিয়ে ঘরের মাঠের সিরিজে বাংলাদেশ ভালো কিছু করবে বলেই বিশ্বাস নির্বাচক হান্নান সরকারের। গতকাল দলের ব্যাখ্যা দিতে গিয়ে নিজেদের লক্ষ্য শুনিয়েছেন সাবেক এই ক্রিকেটার, ‘পাকিস্তানের সঙ্গে খুবই ভালো রেজাল্ট করেছিলাম। ভারতের সঙ্গে সেখানে আশানুরূপ রেজাল্ট করতে পারিনি। অবশ্যই আমাদের এই সিরিজটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এই সিরিজটার ওপর অনেকটা নির্ভর করছে কীভাবে ফেস করব। আশা করছি যে, আমরা যেভাবে চিন্তা-ভাবনা করেছি বা পরিকল্পনা করেছি; ওই অনুযায়ী খেলোয়াড়রা খেলতে পারবে। আশা করছি এই সিরিজে প্রত্যাশিত ফল পাব।’

আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। সাবেক এই ক্রিকেটারের বিশ্বাস ক্যারিয়ারের শেষ ম্যাচটি সাকিব স্মরণীয় করে রাখবেন, ‘আশা করছি এই ম্যাচটা হয়তো আমাদের একটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে। যে ম্যাচ দিয়ে সাকিব ভালো কিছু পারফরম্যান্সের পাশাপাশি ভালো অবদান রাখবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সাকিবের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং আমার মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা বড় প্রাপ্তি হতে যাচ্ছেÑ এ ধরনের বড় খেলোয়াড় মাঠ থেকে অবসর নিতে যাচ্ছে।’

সর্বশেষ খেলা ভারত সিরিজের স্কোয়াড থেকে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে একটিমাত্র বদল এনেছেন নির্বাচকরা। সেটার ব্যাখ্যায় হান্নান বলেছেন, ‘যেহেতু আমরা হোম সিরিজ খেলছি, সেখানে স্কোয়াডটা ছোট করে ১৫ জনে করা হয়েছে। হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা সব দলই করে থাকে, সেটা আমরাও হয়তো মাথায় রেখেছি। সে জায়গা থেকে একজন পেসার কমিয়ে তিনজন নিয়ে স্কোয়াড সাজানোর চেষ্টা করেছি, ৮ জন ব্যাটার আছে, দুজন অলরাউন্ডার, দুজন বিশেষজ্ঞ স্পিনার আছে।’

ব্যাটিং, বোলিং কিংবা স্পিন— সবকিছু মিলিয়ে দলটাকে ভারসাম্যপূর্ণ বলেছেন হান্নান। খালেদ আহমেদের না থাকার কারণও জানিয়েছেন তিনি, ‘সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যথেষ্ট ব্যালান্সড একটা দল। ক্যাপ্টেন, কোচের হাতে অপশন আছে। তারা যেভাবে দলটা সাজানোর চেষ্টা করে, বিকল্পটা দিয়েই দল সাজানোর চেষ্টা করেছি। এই দলে যে নেই, খালেদ, সে এনসিএল খেলবে।’

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর। মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই দলের দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রামে। মিরপুরের ম্যাচ সামনে রেখে আজ থেকে পুরোদমে অনুশীলনে নামবে দুদল।

মিরপুর টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা