× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসি অ-১৭ বাছাই

কম্বোডিয়ায় সুযোগ দেখছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ২০:৩০ পিএম

কম্বোডিয়ায় সুযোগ দেখছে বাংলাদেশ

এ মাসেই সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফেরে বাংলাদেশ। ভুটানে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয় সাইফুল বারী টিটুর দল। এবার মঞ্চটা আরও বড়; এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই খেলতে বুধবার গভীর রাতে কম্বোডিয়ার উদ্দেশে দেশ ছাড়ে লাল-সবুজের যুবারা। তুলনামূলক কঠিন গ্রুপ না পাওয়া আর ভুটানে ফাইনাল খেলার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দারুণ কিছুর আভাস বাংলাদেশের।

এবারের সফরের বড় চমক দুটি। এক- প্রথমবারের মতো বাফুফের কোনো জাতীয় দলের হয়ে অফিসিয়াল পদে আসলেন সাবেক ফুটবলার জাহিদ হোসেন এমিলি। দলের ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। নিজে স্ট্রাইকার ছিলেন, যে কারণে এই দলের ফরোয়ার্ডরা তার কাছ থেকে সাহায্য পাবে বলে মনে করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এবং কোচ সাইফুল বারী। দুই- বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে এবারই প্রথম কোনো বাংলাদেশী বংশোদ্ভুদ বিদেশি খেলোয়াড় খেলতে যাচ্ছেন। আরহাম ইসলাম নামের এই ফরোয়ার্ডের জন্ম অস্ট্রেলিয়ায়। তার কাছে দলের প্রত্যাশাও অনেক। কোচ আশাবাদী আরহামকে নিয়ে, ‘তার মধ্যে ভালো কিছু আছে বলেই সে দলে আছে। তবে অনুশীলনে ভালো করে দলে সুযোগ পাওয়া, আর এএফসি পর্যায়ের টুর্নামেন্টে মাঠে নেমে পারফর্ম করার মধ্যে পার্থক্য আছে। আমি আশাবাদী আরহামকে নিয়ে। এএফসি কাপ ওর জন্য নিজেকে চেনানোর বড় সুযোগ।’

এদিকে, বাংলাদেশের যে কোনও পর্যায়ে দলের গোল করতে না পারার সমস্যা নতুন কিছু নয়। এই তো এক মাস আগে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ না জিতেও রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ৪ ম্যাচে বাংলাদেশের ছেলেরা গোল করেছিল মাত্র ৩টি। এবার এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বের পরীক্ষা। গ্রুপ পর্বে ভালো করার জন্য শিষ্যদের কাছে গোল চাইছেন কোচ সাইফুল বারী।বাছাইপর্ব শুরু হবে আগামী ১৯ অক্টোবর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ফিলিপাইন, ম্যাকাও ও স্বাগতিক কম্বোডিয়া। টুর্নামেন্টের প্রথম দিনই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দল। 

দেশ ছাড়ার আগে বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ সাইফুল বারী বলেছেন, ‘দলটা গোল করতে পারছে না। এটা নিয়েই কিছুটা দুশ্চিন্তা থাকছে। তবে ভালো করার আশা ছাড়ছেন না তিনি, ‘অনূর্ধ্ব-১৭ দল বলেই আশাবাদী আমি। এই পর্যায়ে যে কোনও কিছুর সম্ভাবনা থাকে। এই গ্রুপ থেকে আমাদের ভালো করার সুযোগ আছে। তবে এর জন্য গোল করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা