উয়েফা নেশনস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ১৫:৫৭ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪ ১৬:২৫ পিএম
গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো
মাঠে জ্বলে উঠতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পেলেন না গোলের দেখাও। সিআর সেভেনের অনুজ্জ্বল রাতে জয়ের সন্ধান পায়নি পর্তুগালও। মঙ্গলবার রাতে উয়েফা নেশনস লিগে হোঁচট খেয়েছে তারা। স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করেছে পর্তুগিজরা। স্কটল্যান্ডকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে যেত পর্তুগাল। সেটা না হওয়ায় অপেক্ষা বাড়ল রোনালদোদের।
এবারের নেশনস লিগের জয়ের রথে চেপে ছুটে চলছিল পর্তুগাল। হ্যাটট্রিক জয়ের পর চতুর্থ ম্যাচে এসে প্রথমবারের মতো পয়েন্ট হারাল রোনালদোর দল। আগের তিন ম্যাচেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ছিলেন সিআর সেভেন, সুবাদে তার প্রিয় জন্মভূমিও জিতেছিল তিনটি ম্যাচ।
গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে রোনালদোর সামনে গোলের সুযোগ এসেছিল বেশ কয়েকবার। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে ১৩৩ গোল করা রোনালদো সব সুযোগই মিস করেছেন। নিশানা ভেদ করতে না পারায় পর্তুগিজ তারকা ম্যাচ শেষে রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন।
পর্তুগাল ‘এ ১’ গ্রুপে প্রথম তিন ম্যাচে ধরাশায়ী করে ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড ও পোল্যান্ডকে। চতুর্থ ম্যাচে স্কটিশদের কাছে পয়েন্ট খোয়ালেও ড্র করার পরও ক্রোয়েশিয়া থেকে ৩ পয়েন্টে এগিয়ে রইল শীর্ষে থাকা পর্তুগাল (১০ পয়েন্ট)।
রোনালদো রেফারির ওপর বিরক্ত হলেও পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা পয়েন্ট খোয়ানোয় নিজেদেরই কাঠগড়ায় দাঁড় করেছেন। ম্যাচ শেষে ম্যানসিটি তারকা বলেন, ‘আজ রাতে পর্তুগালের অনেক কিছুই ঠিক ছিল না। আমাদের ইনটেনসিটি ছিল না, সময়মতো আক্রমণে উঠতে পারিনি। হতাশা নিয়েই বাড়ি যাচ্ছি।’
শেষ আটে স্পেন
পর্তুগাল অপেক্ষা বাড়ালেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। চার ম্যাচ খেলেই তারা নাম লিখে ফেলেছে শেষ আটে। ষ সার্বিয়াকে ৩-০ গোলে ধরাশায়ী করে ‘এ ৪’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্প্যানিশরা।
ম্যাচের পাঁচ মিনিটের মধ্যে এমেরিক লাপোর্তের গোলে লিড নেয় স্পেন। ৫৪ মিনিটে ক্রসবারে ওপর দিয়ে মেরে পেনাল্টি মিস করেন আলভারো মোরাতা। ১১ মিনিট পরই অবশ্য কর্দোবার নুয়েভো আর্কাঞ্জেল স্টেডিয়ামে গোলের খোঁজ পেয়ে যান মোরাতা। ৭৭ মিনিটে স্পেনের তৃতীয় গোলটি করেন আলেক্স বায়েনা। মিনিটখানেক আগেই লাল কার্ড দেখে ১০ জনের দল হয়ে যায় সার্বিয়া।