প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৯:১৫ পিএম
প্রথমবারের মতো বাবা হয়েছেন শরিফুল ইসলাম। টাইগার পেসার ২০২২ সালে ফারদিনের সঙ্গে সংসার পাতেন— সংগৃহীত ছবি
সবশেষ মাসটি বল হাতে ভালো যায়নি। তবে থেমে নেই শরিফুল ইসলামের সুসংবাদ। বিপিএলে সরাসরি চুক্তিতে দল পাওয়া বাংলাদেশের পেসার প্রথমবারের মতো বাবা হয়েছেন। আনন্দ দ্বিগুণ হওয়ার সংবাদ শরিফুল নিজেই জানিয়েছেন। দুই বছর আগে ফারদিন শেখ চাঁদনীকে বিয়ে করেন তিনি। শরিফুল-ফারদিনের ঘরে এটিই প্রথম সন্তান।
শরিফুল জানিয়েছেন, তার স্ত্রী ও শিশু দুজনেই হাসপাতালে আছেন। গতকাল মঙ্গলবার ফেসবুকে শরিফুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আজকে সকাল ৮:৩৫ মিনিটে আমাকে ছেলে সন্তান দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
আসছে ডিসেম্বরে বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলবেন শরিফুল। এ মাসেই দক্ষিণ আফ্রিকা সিরিজেও তার দলে থাকা অনেকটা নিশ্চিত। কয়েক বছর ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন পঞ্চগড়ের এই পেসার। ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে বিশ্রামে থাকলেও টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন ছায়া হয়ে। সেই দুঃখ আপাতত ছেলের মুখ দেখে নিশ্চয় ঘুচাবেন শরিফুল।