প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৭:৩২ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৮:৪৮ পিএম
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে লড়ছে পাকিস্তান-ইংল্যান্ড। সমতার ম্যাচে টস জিতে ব্যাটিং করছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে তারা। বাইশ গজে আছেন কামরান গোলাম ও মোহাম্মদ রিজওয়ান। ১৯২ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন কামরান। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শের পথে ১টি ছয় ও ৯টি চার হাঁকিয়েছেন তিনি।
বুধবার পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামেন আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। বরাবরের মতো আজও ওপেনিং জুটি থিতু হয়নি স্বাগতিকদের। জুটির ১৫ রানে সাজঘরে ফেরেন শফিক। এ নিয়ে গত ১০ ইনিংসে পাকিস্তান ওপেনিং জুটিতে রান করেছে যথাক্রমে—১৫, ০, ৮, ৭, ০, ৫, ৩, ০, ০ ও ৮। উদ্বোধনী জুটি ভাঙার চার রান পরই জ্যাক লিচের বলে কট আউটে পরিণত হন অধিনায়ক শান মাসুদ। সাত বলে ৩ রান করতে পারেন তিনি।
১৯ রানে টপঅর্ডারের দুই ব্যাটারকে হারানোর পর সাইম আইয়ুরের সঙ্গী হয়ে লম্বা পথ হাঁটেন কামরান গোলাম। ওপেনার সাইম যখন ৭৭ রানে ফিরেন তখন তাদের ১৪৯ রানের জুটি ভাঙে। ম্যাথু পটসের বল শর্ট মিডে তুলে জ্যাক ক্রলির হাতে ধরা পড়েন সাইম। তার ৭৭ রানের ইনিংস সাজানো ছিল ৭ চারে। মোট ১৬০ বল মোকাবেলা করেন তিনি। সুন্দর এ জুটি ভাঙার পর সৌদ শাকিল কেবল বিড়ম্বনা বাড়ান। ব্যক্তি চার রান তুলে মাঠ ছাড়েন। তবে এই মুহূর্তে রিজওয়ান ও কামরানের ব্যাটে প্রথমদিন ভালোই যাচ্ছে পাকিস্তানের।