বিশ্বকাপ বাছাইপর্ব
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৪:৩০ পিএম
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এখনও কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি ব্রাজিল। লাতিন অঞ্চলের টেবিলে তারা চার নম্বরে। পয়েন্ট বাড়িয়ে আরও ওপরে উঠতে চাইলে পেরুর বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা ৪৫ মিনিটের ম্যাচে জিততেই হবে। আগের ম্যাচ জিতে ফুরফুরে থাকা সেলেসাওদের শিবিরে অবশ্য দুঃসংবাদও আছে। ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে হয়তো পাবে না ব্রাজিল। একই দিনে বিশ্বকাপ বাছাইয়ের আরেক খেলায় আর্জেন্টিনা আছে কিছুটা ব্যাকফুটে। ভেনেজুয়েলার বিপক্ষে হতাশার ড্র করা আলবিসেলেস্তেরা মনোযোগী বলিভিয়ার বিপক্ষে আগামীকালের খেলায়। আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে ভোর ৬টায় নামবে লিওনেল স্কালোনি শিষ্যরা।
নিজেদের সর্বশেষ ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। যার মাধ্যমে পাঁচ থেকে চারে উঠেছে পয়েন্ট টেবিলে। বাছাইয়ের ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। গত ম্যাচ ড্র করলেও সবার শীর্ষে থাকা আর্জেন্টিনা সমান সংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট পেয়েছে। এ ছাড়া কলম্বিয়া ১৬ এবং উরুগুয়ে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে যথাক্রমে পরবর্তী দুই ও তিনে। টেবিলের শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। ব্রাজিলের খেলোয়াড়দের চোট, অফফর্ম এবং পয়েন্ট হারানোর দৈন্যদশা চিন্তা বাড়াচ্ছে সেলেসাও শিবিরে।
কখনও বিশ্বকাপে না খেলা ও শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে পয়েন্ট হারিয়ে বেশ হতাশ হয়েছিলেন কিংবদন্তি মেসি। ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়ে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেছিলেন, ‘ম্যাচটি খুব কঠিন ছিল। এসব কারণে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। তবে খেলায় ফিরতে ভালো লাগছে।’ ড্রয়ের পরও লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে শীর্ষেই আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার পথটা আরেকটু সহজ করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
বলিভিয়ার বিপক্ষে ঘরের মাঠে মেসিদের শীর্ষস্থান আরও পোক্ত করার দারুণ সুযোগ। ওই ম্যাচ সামনে রেখে জোরকদমে অনুশীলন করছে আর্জেন্টিনা। কোচ স্কালোনি এখন সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে কাজ করছেন। তিনি দলের মূল ডিফেন্ডার কুটি রোমেরোকে আবারও দলে ফিরিয়েছেন এবং ইনজুরিতে থাকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন।