উয়েফা নেশন্স লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১২:৪৬ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৩:২৭ পিএম
উয়েফা নেশন্স লিগে টানা তৃতীয় জয় পেয়েছে ফ্রান্স। গতকাল সোমবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েছে ফরাসিরা। জোড়া গোল করে ম্যাচের নায়ক পিএসজির ফরোয়ার্ড কোলো মুয়ানি। বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি আসে ওপেন্দার পা থেকে।
ব্রাসেলসে অনুষ্ঠিত ম্যাচে গোলের জন্য ২০টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিক বেলজিয়াম। আর ফ্রান্সের ১৪ শটের ৪টি লক্ষ্যে ছিল। এ ম্যাচ শেষে ‘এ’ গ্রুপের ২ নম্বর লিগে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি, ৯ পয়েন্ট নিয়ে ২-এ ফ্রান্স আর ৪ পয়েন্ট নিয়ে ৩-এ আছে বেলজিয়াম। গ্রুপের শীর্ষ দুই দল যাবে শেষ ৮-এ।
ম্যাচের শুরুর দিকে আক্রমণে আধিপত্য বিস্তার করেছিল বেলজিয়াম। পঞ্চদশ মিনিটে পেনাল্টি পেয়েও উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন টিলেমানস। তবে ফরাসিরা এ ভুল করেনি। ৩৩তম মিনিটে বক্সের ভেতর বেলজিয়ান ডিফেন্ডার ভাউট ফাসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কাস্তেলসকে ফাঁকি দিয়ে ফ্রান্সকে এগিয়ে নেন পিএসজির ফরোয়ার্ড কোলো মুয়ানি।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোটি কাস্টানিয়ার ক্রসে ৬ গজ বক্সের মুখে হেডে বল জালে পাঠান ওপেন্দা। লাইন্সম্যান প্রথমে অফসাইডের পতাকা তুললেও, ভিএআরের সাহায্যে গোল দেন রেফারি। ৫৫তম মিনিটে লুকা দিনিয়ের ক্রস থেকে বক্সের ভেতর বল পেয়ে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন মুয়ানি। এ গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।