প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪ ১৫:১২ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪ ১৫:২৯ পিএম
আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সে লক্ষে আগামীকাল সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে এগারতম আসরের প্লেয়ার ড্রাফট। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। তাদের সকলকে পাঁচটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা।
ড্রাফটের আগে বিসিবির দেওয়া তালিকা অনুযায়ী, 'এ' ক্যাটাগরিতে আছেন ২০ জন, 'বি' ক্যাটাগরিতে ৩৮ জন, 'সি' ক্যাটাগরিতে ৬৬ জন, 'ডি' ক্যাটাগরিতে ১৩৫ জন ও 'ই' ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে 'বি' ক্যাটাগরি ৫০ হাজার, 'সি' ক্যাটাগরি ৩০ হাজার, 'ডি' ক্যাটাগরি ২৫ হাজার ও 'ই' ক্যাটাগরির মূল্য ধরা হয়েছে ১৫ হাজার মার্কিন ডলার।
'এ' ক্যাটাগরিতে আছে জশ লিটল, লুইস গ্রেগোরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্রাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলসের নাম।
ক্যাটাগরি 'বি'-তে আছেন কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাহকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, সাদিরা সামারাউইকরামার মতো ক্রিকেটার।
‘সি’ ক্যাটাগরিতে দেখা গেছে ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, সামিউল্লাহ শিনওয়ারি, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হায়ডেন ওয়ালশ, রেয়মন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, উমর আকমল, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপুফু, জ্যাক বল, কার্টিস ক্যামফারের মতো ক্রিকেটারদের।
'ডি' ও ‘ই’ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য নাম সিসান্দা মাগালা, দাওলাত জাদরান, রস এডায়ার, রোহান মুস্তাফা, হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং অইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন প্রমুখ।
বিপিএলের সময় আরও কয়েকটি লিগ চালু থাকবে বলে তারকা ক্রিকেটারদের অনেককেই পাওয়া যাচ্ছে না। আবার অনেক বিদেশি কয়েকটি ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হবেন বলে, বিপিএল গভর্নিং কাউন্সিল বিদেশি ক্রিকেটারদের সংখ্যার সীমানায় আটকে রাখছে না, দলগুলো তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বিদেশি ক্রিকেটারদের দলভুক্ত করতে পারবে।