প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ২৩:০০ পিএম
টেম্বা বাভুমা
আগামী ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। প্রোটিয়াদের টেস্ট টিমে যারা রয়েছেন, তাদের মধ্যে মাত্র একজনেরই বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে বাংলাদেশে এসে দুটি টেস্ট খেলেছিলেন টেম্বা বাভুমা। এবারের সফরে প্রোটিয়াদের ক্যাপ্টেনও তিনি। সেই বাভুমা প্রথম টেস্টের দল থেকে ছিটকেই গেলেন।
২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া মিরপুরে টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না বাভুমা। তার পরিবর্তে এ ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। তার মানে প্রথম ম্যাচে ‘অচেনা’ এক দক্ষিণ আফ্রিকাকেই পাচ্ছে বাংলাদেশ।
তবে সিএসএর প্রত্যাশা, ২৯ অক্টোবর চট্টগ্রামের মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন বাভুমা, সে লক্ষ্যে তিনি দলের সঙ্গেই বাংলাদেশ সফরে থাকবেন। মেডিকেল টিমের সঙ্গে ফিটনেস ফিরে পাওয়ার কাজে মনোনিবেশ করবেন অধিনায়ক বাভুমা। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এর আগে পিঠের ইনজুরি নিয়ে সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার নান্দ্রে বার্গার। পরে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ওয়াল্ড ব্রেভিস ও লুঙ্গি এনগিডি।
সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কনুইয়ে চোট পান বাভুমা। যে কারণে ওই ম্যাচে ব্যাটিং শেষ করতে পারেননি। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন সাজঘরে। পরে ৩৫ বছরের বাভুমা ফিল্ডিংয়েও নামেননি। বাভুমার আগে বাংলাদেশ সফর থেকে বাদ পড়েছেন পেসার নান্দ্রে বার্গারও। এ কারণে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের কপালে।
কনুইয়ের চোটটা অনেকদিন ধরেই জ্বালিয়ে মারছে বাভুমাকে। ২০২২ সালে ভারত সফরে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম কনুইয়ে চোট পান তারকা এ ব্যাটার। ওই চোট নিয়ে ইংল্যান্ড সফরে দলের সঙ্গী হতে পারেননি। বাভুমা ফের দলে নাম লেখান ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে তার নেতৃত্বে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। পরে টি-টোয়েন্টির নেতৃত্ব হারান। তবে ওয়ানডে ও টেস্টে বাভুমা এখনও তাদের অধিনায়ক।
কনুইয়ের চোটের সঙ্গে হ্যামস্ট্রিংয়ের চোটও ভুগিয়েছে বাভুমাকে। গত বছর ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে হ্যামস্ট্রিং চোট নিয়ে সিরিজ থেকেই বাদ পড়েন। পরে নিউজিল্যান্ড সফরে ছিলেন দর্শক হয়ে। তবে ফিট হয়ে এসএ-টোয়েন্টিতে খেলেন বাভুমা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলে ফের চোটে পড়লেন প্রোটিয়া অধিনায়ক।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়টি ম্যাচ এখনও বাকি দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ সফরের পর ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ খেলবে দলটি। শীর্ষ দুইয়ে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে অন্তত পাঁচটি জয় দরকার তাদের।
২০১৫ সালে বাংলাদেশের টেস্ট সিরিজ ড্র করেছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বৃষ্টির হানায় অমীমাংসিত থেকে যায় মিরপুর ও চট্টগ্রামের দুটি ম্যাচ। সফরে টেস্ট দলে ছিলেন ক্যাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো ম্যাচে মাঠেই নামেননি। অভিজ্ঞ এ পেসার রয়েছেন এবারের সফরেরও।