বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ২১:৩৭ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ২১:৩৭ পিএম
গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন তানজিদ হাসান তামিম; ফাইল ছবি
আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ
প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসর। সে লক্ষে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের
আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। এর আগে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে টানছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সে ধারাবাহিকতায় টাইগার ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি
ঢাকা ক্যাপিটালস।
শুক্রবার (১১ অক্টোবর) তানজিদকে সরাসরি
চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে
ঢাকা ক্যাপিটালস। নিজেদের ফেসবুক পেইজের পোস্টে
ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘ভবিষ্যতের ক্রিকেটার, বর্তমানের তারকা, স্টাইলিশ তরুণ
ব্যাটার ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম একজন ঢাকাইয়া।’
বিপিএলে প্রতি আসরেই বদল দেখা যায় ঢাকার
ফ্র্যাঞ্চাইজিতে। গত আসরে দুর্দান্ত ঢাকা নামে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে আসন্ন
আসরে দলটির মালিকানা কিনেছেন বিনোদন জগতের সুপারস্টার শাকিব খান। অভিষেক আসরকে সামনে
রেখে সরাসরি চুক্তিতে জুনিয়র তামিমের আগে ওয়েস্ট ইন্ডিজের বিদেশি ওপেনার জনসন চার্লস
ও টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।
এদিকে ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স
হেলসকে দলে নেওয়ার ব্যাপারেও আলোচনা করছে ঢাকা ক্যাপিটালস। দলের চেয়ারম্যান হাজী দেলোয়ার
হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘হেলসের সাথে ৯০ ভাগ কনফার্ম, দু-একদিনের মধ্যে আসবে ঘোষণা।’